
শেষ আপডেট: 25 November 2023 14:14
দ্য ওয়াল ব্যুরো: দু’সপ্তাহ অতিক্রান্ত। উত্তরকাশীর সুড়ঙ্গে এখনও আটকে ৪১ জন শ্রমিক। তারই মাঝে পাথর কেটে সুড়ঙ্গের মধ্যে ধীরে ধীরে ভরা হচ্ছে লোহার রড। বড় পাইপের মধ্যে চাকা লাগানো স্ট্রেচারে শুইয়ে বের করা হবে আটকে থাকা শ্রমিকদের। সেই লক্ষ্যেই এবার দিল্লি থেকে নিয়ে যাওয়া হচ্ছে চারজন টানেল বিশেষজ্ঞ দক্ষ শ্রমিককে। শনিবার রাতেই তাঁরা পৌঁছে যাবেন উত্তরকাশীর সুড়ঙ্গস্থলে। তারপরই ফের শুরু হবে উদ্ধারকাজ।
শ্রমিকদের বের করে আনার জন্য ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যে ইভাকুয়েশন পাইপ ঢোকানো হচ্ছিল কমে আসছিল তার দূরত্বও। আর ঠিক তখনই ছন্দপতন! সংবাদসংস্থা সূত্রের খবর, যে যন্ত্র দিয়ে সুড়ঙ্গের মাটি কাটা হচ্ছিল তাতে ফের প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। যার জেরে আপাতত থমকে গিয়েছে উদ্ধারকাজ। যে কাঠামোর উপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল তাতেও ফাটল দেখা দিয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে শেষ ধাপে কীভাবে উদ্ধারকাজ সম্পন্ন হবে, তা একটি মক ড্রিলের মাধ্যমে দেখিয়েছেন এনডিআরএফ কর্মীরা। মক ড্রিলে পাঁচ ইঞ্চি পুরু পাইপ ব্যবহার করা হয়েছে। তেমনই একটি পাইপ সুড়ঙ্গের মুখ থেকে আটকে থাকা শ্রমিকদের কাছে পাঠানো হবে। দিল্লির বিশেষজ্ঞ শ্রমিকরাও দুটি ভাগে ভাগ হয়ে ২ জন করে সেই পাইপ দিয়েই পৌঁছবেন আটকে থাকা শ্রমিকদের কাছে। তারপরই স্ট্রেচারে করে শ্রমিকদের একে একে বাইরে বের করে আনবেন তাঁরা।
#WATCH | | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: NDRF demonstrates the movement of wheeled stretchers through the pipeline, for the rescue of 41 workers trapped inside the Silkyara Tunnel once the horizontal pipe reaches the other side. pic.twitter.com/mQcvtmYjnk
— ANI (@ANI) November 24, 2023
উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, চাকা লাগানো ওই স্ট্রেচারে শ্রমিকেরা শুয়ে থাকবেন। কোনওভাবেই যাতে তাঁদের শরীরে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখা হবে। সে কারণেই দিল্লি থেকে ওই চার বিশেষজ্ঞ শ্রমিককে উড়িয়ে আনা হচ্ছে।
উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গ খুঁড়তে আরও ৫-৬ মিটার বাকি রয়েছে। যদিও উদ্ধারকাজ শেষ করতে আর ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না প্রশাসন। তবে কর্মীদের সুড়ঙ্গের বাইরে বার করে আনার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে।
প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে বলেন, 'সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে রবিবারের মধ্যে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। আপাতত অগার ড্রিলিং মেশিনটি ঠিকঠাক কাজ করছে। আটকে থাকা শ্রমিকদের মানসিক পরিস্থিতিও ঠিক রয়েছে।'