প্রতিবারের মতো এবারেও ধর্মতলার মঞ্চ থেকেই সোমবার মমতা আগামী বছর বিধানসভা ভোটের স্লোগান তুলে দেবেন। আর তার আগে এই বর্ষাকালীন সংসদীয় অধিবেশনে জনতার হয়ে আওয়াজ তুলবেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল সাংসদরা।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 16 July 2025 17:30
দ্য ওয়াল ব্যুরো: ২১ জুলাই, কলকাতায় তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলা চলো চলাকালীনই শুরু হবে সংসদের বর্ষা অধিবেশন। অধিবেশন শুরুর দিন সাধারণত কোনও কর্মসূচি থাকে না। তাই তৃণমূল কংগ্রেসের সাংসদরা বিকেলের মধ্যেই রওনা দেবেন মঙ্গলবার থেকে অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশে। তবে তাঁদের যাওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং খোদ নেত্রী পার্লামেন্টে অন্যতম বিরোধী দল হিসেবে শাসকদল বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলার সুর বেঁধে দেবেন।
প্রতিবারের মতো এবারেও ধর্মতলার মঞ্চ থেকেই সোমবার মমতা আগামী বছর বিধানসভা ভোটের স্লোগান তুলে দেবেন। আর তার আগে এই বর্ষাকালীন সংসদীয় অধিবেশনে জনতার হয়ে আওয়াজ তুলবেন অভিষেকের নেতৃত্বাধীন তৃণমূল সাংসদরা। এবারের অধিবেশনে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। পাশাপাশি বিরোধীরাও পহলগাম জঙ্গি হানা থেকে অপারেশন সিঁদুর, ভারত-পাক সংঘর্ষ বিরতিতে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা এবং বিহার বিধানসভা ভোটের আগে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে সুর চওড়া করবে।
প্রায় মাসখানেক ধরে চলা এই বাদল অধিবেশনে সরকারপক্ষ আটটি নতুন বিল আনতে চলেছে। যদিও ট্রেজারি বেঞ্চের একটি সূত্রের মত, সংসদের ভিতরে-বাইরে উত্তাল হবে বিহার ভোটার তালিকা, অপারেশন সিঁদুর ও আমদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে। বিরোধী দলগুলি ইতিমধ্যেই তাদের কৌশল নিয়ে আলাদা আলাদা মিটিং-মিছিল শুরু করে দিয়েছে। গত মঙ্গলবার কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর ডাকা এক বৈঠকে হাজির ছিলেন রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়্গে ও লোকসভার দলনেতা রাহুল গান্ধী।
এবারের অধিবেশনে বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট ইস্যুটিও উঠতে পারে। বিরোধীরা এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের বিরুদ্ধেও সাম্প্রদায়িক মন্তব্যের কারণে একটি ইমপিচমেন্ট নোটিস দিয়ে রেখেছে। এছাড়াও মণিপুরে ফের এক দফা রাষ্ট্রপতির শাসন জারির সময়সীমা বৃদ্ধি করতে পারে সরকারপক্ষ। আগামী ২১ অগস্ট পর্যন্ত চলবে দুই কক্ষের বাদল অধিবেশন।