সরকারি সূত্র জানিয়েছে, তিন পড়ুয়া সহ বাসের চালক ও একজন নিরাপত্তারক্ষীকে নিয়ে মোট ৫ জন নিহত হয়েছেন।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 21 May 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: বালুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে বুধবার সকালে স্কুলবাসে আত্মঘাতী হামলার জন্য ভারতের ঘাড়ে দোষ চাপাল পাকিস্তান। ওই এলাকার খুজদার শহরে আর্মি পাবলিক স্কুলের পথে যাওয়া একটি বাসে আত্মঘাতী হামলা হয়। সরকারি সূত্র জানিয়েছে, তিন পড়ুয়া সহ বাসের চালক ও একজন নিরাপত্তারক্ষীকে নিয়ে মোট ৫ জন নিহত হয়েছেন। প্রায় ডজনখানেকের বেশি বাচ্চা ঘায়েল হয়েছে।
এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেনি কোনও বালুচ বিদ্রোহী সংগঠন। কিন্তু, ঘটনার পরেই পাকিস্তানের সেনা অতি দ্রুত এক বিবৃতিতে পড়শি দেশ ভারতের ঘাড়ে দায় ঠেলে দিয়েছে। পাক সেনা জানিয়েছে, ভারতই পরিকল্পনা কষে এই হামলা সংঘটিত করেছে।
সেনার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের ছায়া জঙ্গি কার্যকলাপ সেদেশের সরকারের মদতে চলছে। পাকিস্তানকে এই কাজে নরম মাটি হিসেবে গ্রহণ করেছে ভারত সরকার। এই কারণে তারা এভাবে নিরীহ শিশু ও সাধারণ মানুষকে হত্যা করল। ভারতের বিদেশ মন্ত্রক অবশ্য পাকিস্তানি সেনার এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তানে অশান্তি সৃষ্টির চেষ্টার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, পাকিস্তানের হাতে কোনও প্রমাণ নেই।