পহলগাম হামলার মূল চক্রী পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (TRF) আমেরিকা জঙ্গিদলের তকমা দেওয়ায় খুব খুশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External affairs minister S Jaishankar)।

পাকিস্তানি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে শুক্রবার জানায়, এ ধরনের বিপজ্জনক জঙ্গিদলগুলিকে কার্যকর ও সর্বাত্মকভাবে ভেঙে দেওয়া হয়েছে।
শেষ আপডেট: 19 July 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: পহলগাম হামলার মূল চক্রী পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তোইবার (LeT) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে (TRF) আমেরিকা জঙ্গিদলের তকমা দেওয়ায় খুব খুশি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (External affairs minister S Jaishankar)। জম্মু-কাশ্মীরের পহলগামে নিরীহ পর্যটকদের ধর্ম বেছে গণহত্যা করার পর হামলার দায় স্বীকার করেছিল টিআরএফ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লস্করের এই ছায়া সংগঠনকে বিদেশি জঙ্গি সংগঠন (FTO) এবং বিশেষভাবে নির্দিষ্ট আন্তর্জাতিক জঙ্গিদল (SDGT) হিসেবে তকমা দিয়েছে।
অন্যদিকে, পাকিস্তান সরকার এখনও চিরাচরিত কায়দায় বলে চলেছে যে, তারা সেদেশে ঘাঁটি গেড়ে থাকা সব জঙ্গি সংগঠনকে ভেঙে দিয়েছে। সে কারণে পহলগাম জঙ্গিহানার সঙ্গে পিছনে বর্তমানে ‘বিলুপ্ত’ লস্কর-ই-তোইবার যোগাযোগ কিংবা পাকিস্তানের মদতের কোনও প্রশ্নই ওঠে না। পাকিস্তানি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে শুক্রবার জানায়, এ ধরনের বিপজ্জনক জঙ্গিদলগুলিকে কার্যকর ও সর্বাত্মকভাবে ভেঙে দেওয়া হয়েছে। সংগঠনগুলির নেতৃত্বকে গ্রেফতার করে তাদের শাস্তিও দেওয়া হয়েছে। জঙ্গিদের শাখা সংগঠনগুলি ও তাদের কর্মীদেরও একইভাবে শাস্তি দিয়েছে সরকার।
পাকিস্তানের মূল আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, একদিকে আমেরিকা দ্য রেজিস্ট্যান্স ফোর্সকে আন্তর্জাতিক জঙ্গিদলের তকমা দেওয়ায়। অন্যদিকে, ইসলামাবাদের প্রাণের বন্ধু চিনও আমেরিকার এই সিদ্ধান্তকে সমর্থন করায়। চিনা বিদেশমন্ত্রক এক বিবৃতিতে শুক্রবারই জানিয়ে দেয়, আঞ্চলিক ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতায় সব দেশকে এগিয়ে আসতে হবে। তবে বেশ রেখেঢেকে করা প্রতিক্রিয়ায় চিন বলেছে, চিন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। গত ২২ এপ্রিল যে ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা করে। তাই চিন চায়, সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক দেশগুলি যাতে সহযোগিতা এবং যৌথভাবে শান্তি ও সুস্থিতি বজায় রাখার চেষ্টা করে।
আমেরিকার এই পদক্ষেপের প্রেক্ষিতে গতকাল ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এক এক্সবার্তায় লিখেছেন, এই ঘোষণা ভারত-মার্কিন সন্ত্রাসবাদ দমন সহযোগিতার ক্ষেত্রে এক চরম স্বীকৃতি। মার্কিন বিদেশ সচিব (মন্ত্রী) মার্কো রুবিও এবং মার্কিন বিদেশ মন্ত্রকের পদক্ষেপকে প্রশংসা করছি। যে তাঁরা লস্কর-ই-তোইবার লেজুড় দল টিআরএফ-কে Foreign Terrorist Organization (FTO) এবং Specially Designated Global Terrorist (SDGT) হিসেবে চিহ্নিত করেছেন। লস্করের এই লেজুড় সংগঠনই কাশ্মীরের পহলগামে গত ২২ এপ্রিল হামলা চালিয়ে নিরীহ ২৬ জনকে খুন করেছিল। শেষে জয়শঙ্কর লিখেছেন, সন্ত্রাসবাদকে কোনও মতেই বরদাস্ত নয়। হ্যাশট্যাগ অপারেশন সিঁদুর।
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও টিআরএফকে লস্কর-ই-তোইবার সামনের সারিতে থাকা ছায়া সংগঠন বলে তকমা দিয়েছেন। এই সংগঠনকে জঙ্গিদল বলে ট্রাম্প প্রশাসন বুঝিয়ে দিতে চায় যে, এরা আমাদের জাতীয় নিরাপত্তা বা সুরক্ষা ক্ষেত্রে বিপজ্জনক। আমাদের সরকার সন্ত্রাসবাদকে নিকেশ করতে বদ্ধপরিকর। পহলগাম হামলার সময়ও ট্রাম্প জঙ্গিহানার বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছিলেন, এই ঘোষণা সেই প্রতিশ্রুতিরই অঙ্গ। ২০০৮ সালে লস্করের নেতৃত্বে মুম্বই হামলার পর ভারতে সংঘটিত সব থেকে বড় ঘাতক জঙ্গিহানার ঘটনা এটা, বলে উল্লেখ করেছে আমেরিকা।