সোমবার ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, আসিম মুনির যে অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে ডুবব এবং সিন্ধু নদের জল নিয়ে মন্তব্য করেছেন, তাতেই বোঝা যায় দেশটি একটি দায়িত্বজ্ঞানহীন দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের অপ্রশাসনিক শক্তিতে সাবধান করে দিয়েছেন।
শেষ আপডেট: 11 August 2025 15:53
দ্য ওয়াল ব্যুরো: ‘পরমাণু অস্ত্রধারী একটি দায়িত্বজ্ঞানহীন দেশ পাকিস্তান।‘ পাক সেনাপ্রধান আসিম মুনিরের হুমকির জবাবে বলল ভারত। সোমবার ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, আসিম মুনির যে অর্ধেক পৃথিবীকে ধ্বংস করে ডুবব এবং সিন্ধু নদের জল নিয়ে মন্তব্য করেছেন, তাতেই বোঝা যায় দেশটি একটি দায়িত্বজ্ঞানহীন দেশ যাদের হাতে পরমাণু অস্ত্র রয়েছে। এমনকী পরমাণু অস্ত্র সরকারি নিয়ন্ত্রণের বাইরে অর্থাৎ সেনাবাহিনীর হাতে চলে যাওয়াকেও ‘প্রকৃত বিপদ’ বলে মনে করে ভারত।
সূত্রের মতে, মুনিরের বক্তব্য এ ধারারই একটা অঙ্গ যে, যখনই আমেরিকা তাদের পাকিস্তানে সেনাকে প্রশংসা করেছে, তখনই ওরা ওদের সত্যিকারের রং প্রকাশ করে ফেলে। আসলে পাকিস্তানে গণতন্ত্র নেই এ ধরনের আচরণে তা বোঝা যায়। পাকিস্তান আদতে সেনা নিয়ন্ত্রণে থাকা একটি দেশ।
প্রসঙ্গত, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানের অপ্রশাসনিক শক্তিতে সাবধান করে দিয়েছেন। তাঁর কথায়, পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে বাইরে থাকা এইসব শক্তি পরমাণু অস্ত্র নিয়ে ছেলেখেলার স্তরে পৌঁছে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পাকিস্তানের পরমাণু অস্ত্রের উপর নজরদারি করার প্রস্তাব দিয়েছেন। ভারতের মতে, পাকিস্তানের বারবার পরমাণু অস্ত্রের হুমকিতেও ভারতের সন্ত্রাস বিরোধী কার্যকলাপ ঠেকাতে পারবে না। পাকিস্তানের হাতে পরমাণু অস্ত্র থাকাটাই এই অবস্থায় বাঞ্ছনীয় কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে ভারত। কারণ এরকম পরমাণু অস্ত্র প্রয়োগের দায়িত্ববুদ্ধিহীন ও দুর্বৃত্ত দেশের উপর আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার নজর রাখা জরুরি বলে মনে করেন রাজনাথ সিং।
উল্লেখ্য, আমেরিকায় গিয়ে পরমাণু বোমা (Nuclear bomb) ব্যবহার করে ভারতকে (India) ধ্বংস করার সরাসরি হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান, ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। মার্কিন সফরে গিয়ে এক নৈশভোজের অনুষ্ঠানে মুনির বলেন, ‘‘আমরা যদি ডুবে যাই, তবে সঙ্গে অর্ধেক দুনিয়াকেও টেনে নেব।’’ মুনির বলেন, ‘‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে শেষ করে দেব।’’