.jpeg)
বাড়ানো যাবে না বিমান ভাড়া।
শেষ আপডেট: 23 April 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: পহেলগামে জঙ্গি হামলার আতঙ্কে ভর করে উপত্যকা ছাড়ছেন বহু পর্যটক। এই প্রেক্ষিতে, দেশে ফিরে যাওয়ার জন্য পর্যটকদের সুবিধা দিতে ও যাত্রীদের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ। বিমান সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, শ্রীনগর থেকে দেশের অন্যান্য শহরে অতিরিক্ত ফ্লাইট চালু করতে হবে, বাতিল বা রিশিডিউল সংক্রান্ত অতিরিক্ত ফি মকুব করতে হবে এবং কোনও অবস্থাতেই ভাড়া যেন বাড়ানো না হয়।
ডিজিসিএ জানিয়েছে, 'পহেলগামের ঘটনার পর অনেক পর্যটক শ্রীনগর ছেড়ে বাড়ি ফেরার চেষ্টা করছেন। এই চাপ সামাল দিতে দ্রুত অতিরিক্ত বিমান পরিষেবা চালু করার প্রয়োজন দেখা দিয়েছে, যাতে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করা যায় এবং শ্রীনগরের সঙ্গে দেশের অন্যান্য শহরের যোগাযোগ অব্যাহত থাকে।'
পর্যটকদের প্রতি সহানুভূতিশীল হয়ে কাজ করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে, যেন তারা টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রে আর্থিক চাপ না বাড়ায় যাত্রীদের উপর। ডিজিসিএ জানিয়েছে, 'এই কঠিন সময়ে যাত্রীরা যাতে অনায়াসে পরিকল্পনা পরিবর্তন করতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে।'
সূত্রের খবর, অসামরিক বিমান চলাচলমন্ত্রী কে রামমোহন নাইডু জরুরি বৈঠকে সমস্ত প্রধান বিমান সংস্থার সঙ্গে আলোচনা করেন। বৈঠকে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, শ্রীনগর রুটে কোনওভাবেই বিমানের ভাড়া বাড়ানো যাবে না। তাঁর কথায়, 'এই সংবেদনশীল পরিস্থিতিতে যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো চলবে না।'
মন্ত্রী আরও নির্দেশ দেন, মৃতদেহগুলিকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজেও বিমান সংস্থাগুলিকে রাজ্য প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে পূর্ণ সহযোগিতা করতে হবে।
তিনি জানিয়েছেন, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে বিমানবন্দর থেকে ২০টি উড়ান ছেড়েছে, যার মাধ্যমে মোট ৩,৩৩৭ জন যাত্রী গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। পাশাপাশি, বিমানবন্দরে অপেক্ষা করা যাত্রীদের জন্য খাবার ও পানীয় জল বিতরণ করা হচ্ছে। তাছাড়াও, টার্মিনালের বাইরে একটি অতিরিক্ত তাঁবু খাটানো হয়েছে, যেখানে যাত্রীরা ছায়ায় অপেক্ষা করতে পারছেন।
In the wake of the tragic terror attack, we are constantly making efforts to ensure safe travel of tourists from Srinagar. Strict instructions were given to Airline companies to avoid any fare surges, Fares are being monitored and kept at reasonable levels.
— Ram Mohan Naidu Kinjarapu (@RamMNK) April 23, 2025
In addition to the… pic.twitter.com/jpxhvDDZl6
প্রতিদিন দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরে পাঁচটি ফ্লাইট চালায় এয়ার ইন্ডিয়া, তারা ২৩ এপ্রিল থেকে অতিরিক্ত ফ্লাইট চালানোর কথা ঘোষণা করেছে। একটি ফ্লাইট সকাল ১১:৩০-এ শ্রীনগর থেকে দিল্লির উদ্দেশে এবং অপরটি দুপুর ১২টায় মুম্বইয়ের জন্য চালানো হবে। এছাড়া, যারা ৩০ এপ্রিল পর্যন্ত শ্রীনগরে যাওয়ার নিশ্চিত বুকিং করেছিলেন, তারা চাইলে বিনা খরচে রিশিডিউল করতে পারেন বা বাতিল করে সম্পূর্ণ রিফান্ড পেতে পারেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শ্রীনগর ও জম্মু, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কলকাতার মধ্যে সপ্তাহে প্রায় ৮০টি ফ্লাইট চালায়, তারা ঘোষণা করেছে, যে সমস্ত যাত্রী ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বাতিল করলে মূল অর্থ ফেরত পাবেন। পাশাপাশি তারিখ পরিবর্তনেও কোনও অতিরিক্ত টাকা নেওয়া হবে না।
ইন্ডিগো জানিয়েছে, যাঁরা ২২ এপ্রিল বা তার আগে শ্রীনগরের ফ্লাইট বুক করেছেন, তাঁদের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত রিশিডিউল বা ক্যানসেলেশন ফি পুরোপুরি বাদ দেওয়া হবে। এছাড়া, তারা ২৩ এপ্রিল দিল্লি ও মুম্বই থেকে শ্রীনগরের জন্য দুটি অতিরিক্ত ফ্লাইটও চালু করেছে তারা। বর্তমানে ইন্ডিগোর শ্রীনগর রুটে প্রতিদিন ২০টি ফ্লাইট রয়েছে।
আকাশা এয়ার-ও যাত্রীদের আশ্বস্ত করেছে, যে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত শ্রীনগর থেকে যাওয়া বা আসার সমস্ত ফ্লাইটের ক্ষেত্রে, যাঁরা বুকিং বাতিল করতে চান, তাঁরা পুরো টাকা ফেরত পাবেন কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই।