
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
শেষ আপডেট: 13 February 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর আইনের বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর আইন ২০২৫ -এর বিলটি আইনে পরিণত হলে ১৯৬১ সালের চালু আইনটি বাতিল হয়ে যাবে।
বিরোধীরা অবশ্য বিল পেশের খানিক পরেই দলবদ্ধভাবে সভা বয়কট করে। নির্মলা দাবি করেন, আয়কর আইন এবং করদাতাদের ব্যবহৃত শব্দগুলির অর্থ সরলীকরণের পাশাপাশি সময়োপযোগী করা হয়েছে।
বিরোধীদের প্রতিবাদের মুখে অর্থমন্ত্রী ঘোষণা করেন, বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর ফের বিলটি সংসদে পেশ করা হবে।
বিরোধীরা ওয়াকআউটের আগে অভিযোগ করে, সরলীকরণের পরিবর্তে আয়কর আইন আরও জটিল করছে সরকার। কেরলের আরএসপি সাংসদ এনকে প্রেমচন্দ্রন বলেন, ১৯৬১ সালের তুলনায় নতুন আইনে অনেক বেশি সেকশন যুক্ত করা হয়েছে। এতে নাগরিকদের সমস্যা বাড়বে।
জবাবে সীতারামন বলেন, ২০২৫ আর ১৯৬১ এক নয়। বিগত বছরগুলিতে আয়কর সংক্রান্ত অনেক পরিবর্তন হয়েছে। সেগুলিকে যুক্ত করা হলে ৮১৯টি ধারা থাকত আইনে। সেখানে ধারা আছে ৫৩৬টি। নির্মলা আরও দাবি করেন, আইনের ভাষা অনেকটাই বদলে ফেলা হয়েছে।
তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় মন্তব্য করেন, অর্থমন্ত্রী যে পরিবর্তনের কথা বলছেন তা নিছকই যান্ত্রিক বদল। নির্মলা দাবি করেন, মোটেও তা নয়। নয়া আইনে দৃশ্যমান, কার্যকর পরিবর্তন আনা হয়েছে।