
প্রধানমন্ত্রী মোদী ও নীতিন গডকড়ি
শেষ আপডেট: 15 September 2024 07:59
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোট মিটে যাওয়ার সাড়ে চার মাস পর চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি। জানিয়েছেন, লোকসভা ভোটের আগে বিরোধী শিবির থেকে তাঁকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
গডকড়ি জানিয়েছেন, বিরোধী শিবিরের এক প্রথমসারির নেতা এই ব্যাপারে কথা বলতে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি প্রস্তাব ফিরিয়ে দেন।
গডকড়ি সেই নেতার নাম ফাঁস করেননি। তবে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের পর তাঁর সঙ্গে শরদ পাওয়ারের একটি বৈঠক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
এ বছর মার্চের গোড়ায় সংবাদমাধ্যমে খরব হয়, মুম্বইতে গোপনে কথা হয়েছে পাওয়ার এবং গডকড়ির। গডকড়িকে সেই নেতা বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছেন বলেও জল্পনা ছড়ায়। সেই বিতর্কের মুখে গডকড়ি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা তাঁর নেই। কিন্তু পাওয়ারের সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে তখন মুখ খোলেননি।
শনিবার রাতে নাগপুরে এক অনুষ্ঠানে গডকড়ি বলেন, আমাকে প্রধানমন্ত্রী করতে চেয়ে বিরোধী শিবিরের প্রস্তাব নিয়ে এক নেতা দেখা করেছিলেন। আমি প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলাম, আমার এমন বাসনা নেই। আমি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে বড় হয়েছি। সঙ্ঘ এই ধরনের ব্যক্তিগত বাসনা অনুমোদন করে না। তাছাড়া রাজনীতিতে ব্যক্তিগত উচ্চাকাঙ্খা গণতন্ত্রের পরিপন্থী।
গডকড়ির দাবি নিয়ে বিরোধী শিবিরের কোনও নেতা মুখ খোলেননি। তবে বহুদিন ধরেই বিজেপির এই নরমপন্থী নেতাকে নিয়ে চর্চা আছে। নাগপুরের সাংসদ গডকড়ি সঙ্ঘের অত্যন্ত ঘনিষ্ঠ। একই সঙ্গে দল ও বিরোধী শিবিরেও জনপ্রিয়। দলের সভাপতি থাকাকালে বিরোধীদের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন।
এবার ভোটের আগে বিরোধী শিবিরের একাংশ চালিয়েছিল, বিজেপির ক্ষমতায় ফেরানো আটকানো না গেলে চেষ্টা করা হবে নরেন্দ্র মোদী যেন ফের প্রধানমন্ত্রী হতে না পারেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে প্রধানমন্ত্রী বদলের চাপ দেওয়া হবে গডকড়িকে সামনে রেখে। কিন্তু সেই চেষ্টা গডকড়ি নিজেই নসাৎ করে দেন বলে দাবি করেছেন তিনি।