.webp)
অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালাল আততায়ীরা। ছবিঃ সলমন খান ।
শেষ আপডেট: 14 April 2024 12:03
দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা সলমন খানের মুম্বইয়ের বাড়ির সামনে গুলি চালাল আততায়ীরা। সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবার ভোর ৪টে ৫১ মিনিটে ঘটনাটি ঘটে। হতাহতের কোনও খবর নেই।
ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও ফরেনসিক দল। তাঁরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। একই সঙ্গে অভিনেতার বাড়ির আশেপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
#WATCH | Mumbai, Maharashtra: Visuals from outside actor Salman Khan's residence in Bandra where two unidentified men opened fire this morning.
— ANI (@ANI) April 14, 2024
Police and forensic team present on the spot. pic.twitter.com/fVXgHzEW0J
রবিবার ভোরে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে তিন রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় বাইকচালকরা। এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।
ঘটনার এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানিয়েছে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অভিনেতার বাড়ির সামনে তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে আততায়ীরা আরও চার রাউন্ড গুলি ছোড়ে।
এর আগে জেল বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার অভিনেতাকে খুনের হুমকি দিয়েছিলেন। তাঁরাই সলমনকে হত্যা করার জন্য শ্যুটারদের মুম্বই পাঠিয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রের খবর, ২০১৮ সালে দুষ্কৃতীরা সলমনকে হত্যার ছক কষেছিল। ওই সময় লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী সম্পাত নেহরাকে গ্রেফতার করেছিল পুলিশ। জেরায় নেহরা সলমনকে হত্যার ষড়যন্ত্রের কথা জানিয়েছিল বলে দাবি পুলিশের।
মাদক চোরাচালানের অভিযোগে জেলে রয়েছে লরেন্স বিষোই। মামলার তদন্ত করছে এনআইএ। এর আগে আজ তক/ইন্ডিয়া টুডে-এর সাথে একটি সাক্ষাৎকারে লরেন্সের সহযোগী গোল্ডি ব্রার জানিয়েছিলেন, যে সলমন খানই তাদের টার্গেট এবং সুযোগ পেলে সলমনকে হত্যা করবেন।
এরপর থেকেই সলমনের বাড়ির চারিদিকে নিরাপত্তা বৃদ্ধি করেছে মুম্বই পুলিশ। সেখানে তিনটি শিফটে ২৪ ঘণ্টা পাহারায় থাকে সশস্ত্র বাহিনী। প্রশিক্ষত নিরাপত্তা কর্মীদের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সলমনকেও ব্যক্তিগত অস্ত্র দেওয়া হয়েছে সরকারের তরফে।
তারপরও আততায়ীরা এদিন যেভাবে সলমনের বাড়ির কাছে পৌঁছে পর পর গুলি চালিয়েছে তাতে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে পুলিশি নিরাপত্তা নিয়েও।
যদিও এ ব্যাপারে অভিনেতা সলমন বা মুম্বই পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।