
ফাইল চিত্র
শেষ আপডেট: 16 April 2025 08:25
দ্য ওয়াল ব্যুরো: সদ্য চালু হওয়া ওয়াকফ আইনের (Waqf Act) বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বুধবার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে (Supreme court)। প্রধান বিচাররপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ মামলা শুনবে।
মামলা করেছেন কংগ্রেস (Congess), আম আদমি পার্টি (AAP) এবং তৃণমূলের (TMC), সমাজবাদী পার্টি (Samajwadi Party), আরজেডির (RJD), এআইএমআইএম (AIMIM) সাংসদেরা। এছাড়া রাজ্য সরকারগুলির মধ্যে মামলা করেছে তামিলনাড়ুর ডিএমকে এবং কর্নাটকের কংগ্রেস সরকার। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (All India Muslim Personal Law Board) এবং জমিয়তে উলেমায় হিন্দ (Jamiat Ulama-i-Hind ) নামে দলটিও মামলাকারী। শীর্ষ আদালতে সব পক্ষই আইনটি বাতিল করার দাবি জানিয়েছে।
তাদের বক্তব্য, আইনটি সংবিধান বিরোধী। সংশোধিত নাগরিকত্ব আইনের পর ওয়াকফ দ্বিতীয় আইন যেটির বিরুদ্ধে বিরোধীরা সম্মিলিতভাবে প্রতিবাদে নেমেছে। লোকসভায় বিলটির সপক্ষে ২৮২টি ভোট পড়ে। অন্যদিক, বিপক্ষে পড়ে ২৩২টি। এতেই বোঝা গিয়েছে বিরোধীরা ওয়াকফ আইন বাতিলের দাবিতে এককাট্টা। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কর্নাটক রাজ্য সরকার নয়া আইন কার্যকর করবে না বলে জানিয়ে দিয়েছে।
সুপ্রিম কোর্ট এবং একাধিক হাই কোর্টে কেন্দ্রীয় সরকার এই ইস্যুতে ক্যভিয়েট করেছে যাতে আদালত একপক্ষের বক্তব্য শুনে রায় না দেয়। বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলির দাবি, নয়া ওয়াকফ আইনে ওয়াকফ বোড ও কাউন্সিলে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্ত করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় পরিসরে হস্তক্ষেপ করেছে। এছাড়া ওয়াকফ ঘোষণার মানদণ্ডও বদলে ফেলা হয়েছে আইনে। ছয়মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পদের বিশদ কেন্দ্রীয় সরকারের পোর্টালে নথিভুক্ত করতে হবে। এরপর সরকার সেগুলির কাগজপত্র খতিয়ে দেখবে। দেশের ৩৮ লাখ একর জমি ওয়াকফের অধীনে আছে। রেল এবং প্রতিরক্ষা মন্ত্রক বাদে ওয়াকফের অধীনেই সবচেয়ে বেশি জমি রয়েছে। সরকারের বক্তব্য, বহু জমি নথিভুক্ত নয়। অন্যায়ভাবে ওয়াকফ ঘোষণা করা সম্পদ মূল মালিককে ফিরিয়ে দেওয়া হবে।
মুসলিম সমাজ আইনের এই সব বিধানে প্রবলভাবে ক্ষুব্ধ। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, অমস-সহ বেশ কিছু রাজ্যে প্রতিবাদ অগ্নিগর্ভ। বাংলায় মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসায় তিনজন খুন হয়েছেন।