ওমর আবদুল্লাহর এই টুইট নিয়ে পাল্টা বিজেপি মুখপাত্র বলেন, “কাশ্মীরে বসে বাংলার ভোট বিশ্লেষণ করছেন ওমর। হতে পারে তৃণমূলের অনুরোধেই এই সব ট্যুইট করছেন। বাংলায় প্রশাসন যে প্রহসনে পরিণত হয়েছে তার খোঁজও হয়তো রাখেন না”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওমর আবদুল্লা
শেষ আপডেট: 20 March 2026 10:23
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদল ও নির্বাচন (West Bengal Election 2026) ঘিরে জোর রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার সরব জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (প্রাক্তন টুইটার) করা এক পোস্টে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “অফিসাররা ভোট জেতায় না, রাজনৈতিক দলের নেতারাই জেতান।”
ওমর আবদুল্লা তাঁর পোস্টে দাবি করেন, এই ধরনের ব্যাপক প্রশাসনিক বদলি সাধারণত অ-বিজেপি-শাসিত রাজ্যেই দেখা যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তবে তিনি এটিকে অস্বাভাবিক কিছু বলেও মনে করেননি। তাঁর মতে, নির্বাচন কমিশন যতই যা পদক্ষেপ করুক বা প্রশাসনিক রদবদল করুক, তার ফলে ভোটের ফলাফল বদলানো সম্ভব নয়।

ওমর আবদুল্লাহর টুইট
তিনি আরও লেখেন, “নির্বাচনের ফল গঠনে অফিসারদের কোনও ভূমিকা নেই। শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বই জয়ের নির্ধারক।” এমনকি তিনি ভবিষ্যদ্বাণীও করে দেন—গণনার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বিপুল সংখ্যাগরিষ্ঠতা” নিয়ে জিতবেন।
ওমর আবদুল্লাহর এই টুইট নিয়ে পাল্টা বিজেপি মুখপাত্র বলেন, “কাশ্মীরে বসে বাংলার ভোট বিশ্লেষণ করছেন ওমর। হতে পারে তৃণমূলের অনুরোধেই এই সব ট্যুইট করছেন। বাংলায় প্রশাসন যে প্রহসনে পরিণত হয়েছে তার খোঁজও হয়তো রাখেন না”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আগের একটি পোস্টের প্রেক্ষিতেই ওমর এই মন্তব্য করেছেন। সেই পোস্টে মমতার অভিযোগ ছিল, নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে আলাদা করে টার্গেট করছে। তাঁর দাবি ছিল, নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের ৫০-র বেশি শীর্ষ প্রশাসনিক আধিকারিককে বদলি করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এই প্রেক্ষাপটে ওমর আবদুল্লার মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। একদিকে যেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বিরোধী শিবিরের একাংশের এই ধরনের বক্তব্য রাজ্যের ভোট-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।
সব মিলিয়ে, নির্বাচন যত এগোচ্ছে, ততই রাজনৈতিক তরজা তীব্র হচ্ছে—আর সেই আবহেই ওমর আবদুল্লার এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল বলেই মনে করা হচ্ছে।