বহুকাল ধরেই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, ৭৫ বছর উত্তীর্ণ নরেন্দ্র মোদী কবে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন।

পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাঁর এই কথা বলার উদ্দেশ্য কী? এই মন্তব্য করে নীতিন গড়করি কার দিকে আঙুল তুলতে চেয়েছেন। ছবি এআই দিয়ে নির্মিত।
শেষ আপডেট: 19 January 2026 10:59
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএস প্রধান মোহন ভাগবতের অবসরের কী সময় হয়ে এসেছে? বহুকাল ধরেই প্রশ্ন ঘোরাফেরা করছে যে, ৭৫ বছর উত্তীর্ণ নরেন্দ্র মোদী কবে রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিংবা দল তাঁকে বিশেষ উপদেষ্টার আলঙ্কারিক পদে সরিয়ে দেবে। কিন্তু, আরএসএস কিংবা বিজেপির তরফে ঠারেঠোরে যা টের পাওয়া গিয়েছে, তাতে এটা পরিষ্কার যে, আপাতত ২০২৯ সাল পর্যন্ত এই দুজনের কেউই অবসর নিচ্ছেন না। কিন্তু, দলের ভিতর থেকে অতি বড় অনুগতরাও এ প্রশ্ন মাঝেমধ্যে তুলছেন। যেমনটা গতকাল, রবিবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কারও নাম না করে তুললেন।
এক অনুষ্ঠানে নীতিন বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সময়মতো নেতৃত্বের ভার নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। রবিবার নাগপুরে (Nagpur) এক সাংবাদিক সম্মেলনে বলেন, কাজ যখন সুষ্ঠুভাবে চলতে শুরু করে, তখন পুরনো প্রজন্মের উচিত ধীরে ধীরে সরে দাঁড়ানো। স্বভাবতই পর্যবেক্ষক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তাঁর এই কথা বলার উদ্দেশ্য কী? এই মন্তব্য করে নীতিন গড়করি কার দিকে আঙুল তুলতে চেয়েছেন।
৬৮ বছর বয়সী নীতিন গড়করি (Nitin Gadkari) ‘অ্যাডভান্টেজ বিদর্ভ–খাসদার শিল্প মহোৎসব’ (Advantage Vidarbha-Khasdar Audhyogik Mahotsav) উপলক্ষে এই মন্তব্য করেন। তাঁর মস্তিষ্কপ্রসূত এই শিল্প প্রদর্শনীটি আয়োজন করছে অ্যাসোসিয়েশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট (AID)। গড়করি বলেন, ‘অ্যাডভান্টেজ বিদর্ভ’র উদ্যোগে (Advantage Vidarbha Initiative) তরুণ প্রজন্মকে যুক্ত করেছে এই সংস্থা। আমি বিশ্বাস করি, সময়ের সঙ্গে সঙ্গে প্রজন্ম বদল হওয়াটাই স্বাভাবিক। এই উদ্যোক্তার বাবা আমার বন্ধু। এখন আমাদের ধীরে ধীরে অবসর নেওয়া উচিত। দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসেছে। গাড়ি যখন মসৃণভাবে চলতে শুরু করবে, তখন আমরা সরে গিয়ে অন্য কাজে মন দিতে পারি, বলেন তিনি।
অ্যাসোসিয়েশন ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের (Association for Industrial Development) মুখ্য মেন্টর নীতিন গড়করি (Nitin Gadkari) জানান, এ বছর তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘অ্যাডভান্টেজ বিদর্ভ এক্সপো’ (Advantage Vidarbha Expo)। আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাগপুরে এই শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিদর্ভ অঞ্চলে (Vidarbha Region) বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও সম্ভাবনাময় উদ্যোক্তার অভাব নেই বলে উল্লেখ করেন গড়করি। তাঁর কথায়, এই তিন দিনের শিল্পমেলার মূল লক্ষ্য হল ভারতের শিল্প মানচিত্রে (India’s Industrial Map) বিদর্ভকে একটি শক্তিশালী ও উদীয়মান শিল্পকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা।
এছাড়াও তিনি জোর দেন শিল্প ক্ষেত্রে (Industrial Sector), কৃষি ও কৃষি-সংযুক্ত ক্ষেত্র (Agriculture and Allied Sectors) এবং পরিষেবা খাতের (Service Sector) সমন্বিত উন্নয়নের উপর, যা কোনও অঞ্চলের সামগ্রিক অগ্রগতির জন্য অপরিহার্য। ‘অ্যাডভান্টেজ বিদর্ভ এক্সপো’-তে (Advantage Vidarbha Expo) টেক্সটাইল, প্লাস্টিক, খনিজ, কয়লা, বিমান পরিষেবা, লজিস্টিকস, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, ফার্মাসিউটিক্যালস, প্রতিরক্ষা, রিয়েল এস্টেট, নবীকরণযোগ্য শক্তি (Renewable Energy) এবং স্টার্টআপ (Startups) সহ একাধিক শিল্পক্ষেত্রের সংস্থাগুলি অংশ নেবে।