ফাইল ছবি
শেষ আপডেট: 4 March 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: সোমবারই এক ধাক্কায় ১,০০০-এরও বেশি স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই ( Laying off) করেছে ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেড (Ola Electric Mobility Ltd)। সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে ক্রমবর্ধমান আর্থিক সঙ্কটের কারণেই এমন পরিকল্পনা। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই কর্মীদের উপর আরও চাপ বাড়ালেন ওলার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল (Bhavish Aggarwal)।
জানা গিয়েছে, সম্প্রতি ধনকুবের প্রযুক্তিবিদ এলন মাস্ক তাঁর সংস্থার কর্মীদের কাজের সাপ্তাহিক রিপোর্ট কার্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তা থেকে শিক্ষা নিয়েই এবার তাঁর কোম্পানির কর্মচারীদের একই নির্দেশ দিলেন ভাবিশ। তিনি পরিষ্কার জানিয়েছেন, "কেয়া চল রাহা হ্যায় ?" নামে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার মাধ্যমে ওলা কর্মীরা প্রতি সপ্তাহে তাঁরা ঠিক কী কী কাজ করেছেন তা ৩-৫টি বুলেট পয়েন্ট সহ একটি ইমেল পাঠাতে হবে।
সংস্থার তরফে আরও জানান হয়েছে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই আমরা কেয়া চল রাহা হ্যায় শুরু করেছি। সব কর্মীরা পরিচালকদের সঙ্গে সরাসরি সাপ্তাহিক আপডেটগুলি শেয়ার করবেন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে Kyachalrahahai@olagroup.in আইডিতেই প্রতি রবিবার রিপোর্ট ইমেল করে পাঠাতে হবে।
তবে এই নির্দেশিকা এমন এক সময়ে এসেছে যখন ওলা একের পর এক কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে। এর আগে গত নভেম্বর মাসেই ৫০০ কর্মীকে ছাঁটাই করেছিল সংস্থাটি। আর ৯০ দিন কাটতে না কাটতেই একেবারে দ্বিগুণ কর্মী ছাঁটাই করল সংস্থাটি। ২০২৪ সালের মার্চে ওলা ইলেকট্রিকের স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে মোট কর্মী সংখ্যা ছিল প্রায় চার হাজার। অর্থাৎ এ বার এক চতুর্থাংশ কর্মচারীকে ছাঁটাই করল এই সংস্থা।
সূত্রের খবর, ওলার স্টকের দাম এক লাফে ৫.৩৬ শতাংশ পড়েছে। ফলে ওলা ইলেকট্রিকের শেয়ার ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দরে নেমে যায়। তবে আচমকা বিপুল পরিমাণ ছাঁটাইয়ের পথে হাঁটলেও এর প্রভাব সুদূরপ্রসারী বলেই আশঙ্কা করা হচ্ছে। গ্রাহক পরিষেবা, চার্জিং পরিকাঠামোর মতো বিভাগগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে খরচ কমাতে এবং উৎপাদনশীলতা বাড়াতে স্বয়ংক্রিয়তার ওপর বেশি জোর দিচ্ছে সংস্থাটি। সে কারণেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত।