পুলিশ সূত্রে খবর, শনিবার ওই গ্রামে যান বিজয় প্রধান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলা শুরু করেন। ঘটনাস্থলে ঘুরে ঘুরে বেশ কিছু ছবিও তোলেন।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 27 May 2025 13:33
দ্য ওয়াল ব্যুরো: ওড়িশার বোলাঙ্গিরের একটি গ্রামে বেআইনি পাঁচিল নির্মাণ করছিল এক ঠিকাদার সংস্থা। খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন সাংবাদিক বিজয় প্রধান। ঘটনাস্থলে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন তিনিই (Odisha Jounalist Beaten Up)। ক্যামেরার সামনেই চলল কিল, চড়, ঘুষি। মুহূর্তেই ভাইরাল হয়েছে ভিডিও।
পুলিশ সূত্রে খবর, শনিবার ওই গ্রামে যান বিজয় প্রধান। গ্রামবাসীদের সঙ্গে কথা বলা শুরু করেন। ঘটনাস্থলে ঘুরে ঘুরে বেশ কিছু ছবিও তোলেন। আচমকাই এক দল লোক এসে তাঁর কাজে বাধা দেয়। বিজয়ের হাত থেকে ক্যামেরা, ফোন, মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়।
অভিযোগ, সাংবাদিককে গাছে বেঁধে মারধর করা হয়। একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিও-র সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)। সেখানে দেখা যাচ্ছে, সাংবাদিকের দুটি হাত দড়ি দিয়ে বাঁধা। তাঁকে ঘিরে রয়েছেন কয়েকজন। লাথি, চড়, ঘুষি মারা হচ্ছে তাঁকে। ঘটনাস্থল থেকে বিজয়কে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় বলে জানা যায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হামলাকারীরা স্থানীয় বাসিন্দা বলেই মনে করা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনার নেপথ্যে অভিযুক্ত ঠিকাদার রয়েছেন। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম, অবিনাশ দলাই, আদিত্য জানা, গুমারা নায়ক। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক রয়েছে, তবে তাঁকে এখনও ধরা যায়নি।
পুলিশের তরফে জানানো হয়েছে, 'হামলার পিছনে বেআইনি দেওয়াল নির্মাণকারী সংস্থার ঠিকাদার জড়িত থাকতে পারে। ঘটনাটি খতিয়ে দেখা হবে। দোষী সাব্যস্ত হলে তাঁকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।'