
স্কুল থেকে দেওয়া বাদাম তক্তি
শেষ আপডেট: 3 December 2024 15:06
দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে খেতে দেওয়া হয়েছিল বাদাম তক্তি। কিন্তু সেই খাবারেই কিলবিল করছে জীবন্ত লার্ভা ও ছত্রাক! সম্প্রতি মহারাষ্ট্রের আদিবাসী অধ্যুষিত পালঘর এলাকার দুটি স্কুলে বাচ্চাদের এমন খাবার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।
জানা গেছে, মহারাষ্ট্রের খানিভলি এলাকার আনন্দ লক্ষ্মণ চন্দাবর বিদ্যালয় এবং চিনচানি জেলা পরিষদের স্কুলে জেলা পরিষদ ও রাজ্য সরকারের তরফে পড়ুয়াদের হাতে ওই খাবার দেওয়া হয়েছিল। সেই খাবার খেতে গিয়েই চোখ কপালে ওঠে পড়ুয়াদের। অভিভাবকদের অভিযোগ, খাবার পুরো ছত্রাকে ভরা ছিল। এমনকি সেখানে জীবন্ত লার্ভাও ঘুরে বেড়াতে দেখা যায়।
যদিও স্কুল শিক্ষা দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পিছিয়ে পড়া এলাকার দরিদ্র পরিবারের বাচ্চারা যাতে ঠিকমতো পুষ্টিকর খাবার পায় তার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জেলাশাসক ইতিমধ্যেই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ‘এ কথা সত্যি, যে কয়েকটি স্কুলে দেওয়া খাবারের মধ্যে ছত্রাক ও লার্ভা পাওয়া গিয়েছে। জেলাস্তরের আধিকারিকরা ওই খাবারের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। রিপোর্ট হাতে এলেই পুরো বিষয়টা স্পষ্ট হবে। অভিযোগ সত্যি হলে খাবার সরবরাহকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।'
তবে বিষয়টিতে হাত গুটিয়ে বসে নেই পড়ুয়াদের অভিভাবকরা। তাঁদের অভিযোগ, বাচ্চাদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। কীভাবে কিছু না দেখেই বাচ্চাদের এমন খাবার দেওয়া হল? খারাপ কিছু ঘটলে তার দায় কে নিত, সেই প্রশ্নও উঠেছে।