চিনা রোবোট কুকুরকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করেছিল নয়ডার বিশ্ববিদ্যালয়। বিতর্ক ছড়াতেই এআই সামিট থেকে বের করে দেওয়া হয় তাদের।

চিনা রোবোট কুকুর
শেষ আপডেট: 18 February 2026 12:12
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে (India AI Impact Summit) চরম বিতর্ক। বাজারচলতি চিনা রোবোটিক ডগ ইউনিট্রি গো–টু (Unitree Go2)–কে নিজেদের তৈরি প্রচেষ্টা বলে দেখাল গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় (Galgotias University)। ধরা পড়তেই প্রদর্শনী এলাকা থেকে বের করে দেওয়া হল তাদের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওই রোবোটটিকে ‘ওরিয়ন’ (Orion) নামে পরিচয় করিয়ে দাবি করছেন, এটি নাকি তাদের সেন্টার অব এক্সেলেন্সের (Centre of Excellence) তৈরি।
চিনা কোম্পানির রোবোট, দাম ২–৩ লাখ
রোবোটটি আসলে চিনা রোবোটিক্স সংস্থা ইউনিট্রির (Unitree) তৈরি 'ইউনিট্রি গো–টু'। ভারতে অনলাইনেই ২ থেকে ৩ লাখ টাকায় পাওয়া যায়। কিন্তু সামিটে গালগোটিয়াসের প্রতিনিধিরা স্পষ্ট দাবি করেন, ‘ওরিয়ন’ নাকি তাদের গবেষণাগারের তৈরি হয়েছে। আলাদা একটি সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকও একই দাবি করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রযুক্তিনির্ভর ব্যবহারকারীরা রোবোটটিকে চিনে ফেলেন এবং অভিযোগ তোলেন, বিদেশি প্রযুক্তিকে নিজেদের উদ্ভাবন বলে চালাচ্ছে বিশ্ববিদ্যালয়।
সাফাই দিল সংস্থা, কিন্তু ভিডিও বলছে উল্টো কথা
প্রচণ্ড সমালোচনার মাঝে এক্স–এ (X) পোস্ট করে গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় জানায়, রোবোডগটি ইউনিট্রি থেকে কেনা হয়েছে, ছাত্রছাত্রীদের শেখানোর কাজে ব্যবহার হচ্ছে। তারা কখনও রোবোটটি বানানোর দাবি করেননি। পোস্টে বলা হয়, “এই রোবোডগ (Robodog) আমাদের শেখার অংশ। গালগোটিয়াস এই রোবোডগ তৈরি করেছে, এমন দাবি আমরা কখনও করিনি।”
তবে এই পোস্টেই যুক্ত হয় কমিউনিটি নোট (Community Note)। তাতে স্পষ্ট বলা হয়, বিশ্ববিদ্যালয়ের দাবি বিভ্রান্তিকর। কারণ, ভিডিওতে তাদের প্রতিনিধিরাই রোবোটটিকে ‘ওরিয়ন’ নামে পরিচয় দিয়ে জানিয়েছেন এটি নাকি তাদের তৈরি। সমালোচনার পর বিশ্ববিদ্যালয়ের আর এক পোস্টে এই পুরো বিষয়টিকে “প্রোপাগান্ডা ক্যাম্পেন” বলে ব্যাখ্যা করা হয়।
সামিট কর্তৃপক্ষের কড়া পদক্ষেপ
বিতর্ক বাড়তেই সামিট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে প্রদর্শনী এলাকা খালি করার নির্দেশ দেয়। আয়োজকদের মতে, ভুল তথ্য দিয়ে প্রযুক্তি–উদ্ভাবনের মঞ্চে উপস্থিত থাকা যায় না।
ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এখনও তুমুল চর্চা— একটি চিনা রেডিমেড রোবোটকে ভারতের ‘ইনোভেশন’ বলে দেখানো কি নিছক ভুল, নাকি সাজানো নাটক!