স্কুটারে করে তিনজন যাচ্ছিলেন। আচমকাই একটি বিএমডব্লিউ গাড়ি 'বেপরোয়া' গতিতে এসে ধাক্কা মারে। রাস্তা থেকে ছিটকে পড়ে যান তিনজনেই। পুলিশ জানিয়েছে, মাথায় গুরুতর আঘাত লাগে আয়াতের।

হাসপাতালে যাওয়ার পথে স্কুটারে ধাক্কা BMW-র
শেষ আপডেট: 27 July 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: বাবা ও কাকার সঙ্গে হাসপাতালে যাচ্ছিলেন পাঁচ বছরের আয়াত। মাঝপথেই দ্রুতগতিতে এসে স্কুটারে ধাক্কা মারে বিএমডব্লিউ ( BMW luxury car hit a scooter)। ছিটকে রাস্তায় পড়েন তিনজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। গুরুতর আহত হয়েছেন বাকি দুজন। নয়ডার পুলিশ ইতিমধ্যেই গাড়ির চালক-সহ দু'জনকে আটক করেছে।
শনিবার গভীর রাতে নয়ডার সেক্টর-২০-তে দুর্ঘটনাটি হয়। সেক্টর ৪৫-এর সদারপুরের বাসিন্দা গুল মহম্মদের মেয়ে আয়াত (৫) অসুস্থ হয়ে পড়ায় সেক্টর-৩০-এর পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন (BMW luxury car)। সঙ্গে ছিলেন তাঁর ভাই রাজা।
স্কুটারে করে তিনজন যাচ্ছিলেন। আচমকাই একটি বিএমডব্লিউ গাড়ি 'বেপরোয়া' গতিতে এসে ধাক্কা মারে। রাস্তা থেকে ছিটকে পড়ে যান তিনজনেই। পুলিশ জানিয়েছে, মাথায় গুরুতর আঘাত লাগে আয়াতের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। শিশুটির বাবা-কাকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
পুলিশ ইতিমধ্যেই বিএমডব্লিউ গাড়িটি আটক করেছে। চালক-সহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চালকের নাম যশ শর্মা, সেক্টর ৩৭-এর বাসিন্দা। আরেকজন সেক্টর ৭০-এর বাসিন্দা অভিষেক রাওয়াত এবং পেশায় রেস্তোরাঁ ব্যবসায়ী। দু’জনকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে (BMW and a co-passenger arrested)।
স্কুটার ও বিএমডব্লিউ গাড়ি দুটোই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।