
ল্যাম্বরগিনি দুর্ঘটনায় মৃদুলের যোগ থাকার অভিযোগ
শেষ আপডেট: 31 March 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো: নয়ডায় (Noida) ল্যাম্বরগিনি-দুর্ঘটনায় (Lamborghini accident) দুই পথচারীর আহত হওয়ার ঘটনায় সোমবার সামনে এল বিখ্যাত ইউটিউবার (youtuber) মৃদুল তিওয়ারির (Mridul Tiwari) নাম। পুলিশ সূত্রে খবর, ওই বিলাসবহুল গাড়িটির (luxury car) মালিক মৃদুল।
রবিবার ওই ঘটনার পর তড়িঘড়ি তদন্তে শুরু করে পুলিশ। দুর্ঘটনার সঙ্গে ওই ইউটিউবারের যোগ থাকার তথ্য সামনে আসায় জিজ্ঞাসাবাদের (investigation) জন্য ডেকে পাঠানো হয় মৃদুলকে। নয়ডা সেক্টর ৯৪-এ দু'জনকে ধাক্কা মারার অভিযোগে গাড়ির চালক দীপককে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, তাকে ঘটনার পর চেপে ধরায় সে জিজ্ঞাসা করে কেউ মারা গেছে কিনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের দীপক স্বীকার করেছে যে গাড়ি নিয়ে সে টেস্ট ড্রাইভ (test drive) করছিল, সেই সময় এই ঘটনা ঘটে। এই গাড়ির মালিক সে নয়, তাও পুলিশকে জানায় সে।
উল্লেখ্য, জয়পুরের বাসিন্দা দীপক পেশায় দিল্লি এনসিআর এলাকার গাড়ির দালাল।
পুলিশ জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে মৃদুলের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও যোগ আছে কিনা। প্রসঙ্গত, ইউটিউবে মৃদুলের ১৯ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে।
রবিবার ওই দুর্ঘটনার পর পথচারীদের কেউ একজন চালককে জিজ্ঞাসা করেন, 'খুব স্টান্ট শিখে এসেছেন নাকি?' এবং জানান, ওই এলাকায় আগেও দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তবে চালকের জবাব ছিল আরও অবাক করার মতো— 'কেউ কি মরে গেছে এখানে?'
পুলিশ সূত্রে খবর, আহতরা এখন বিপন্মুক্ত। দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে নেমে আসেন এবং অভিযোগকারীদের সামনে যুক্তি দেওয়ার চেষ্টা করেন— 'আমি তো আস্তে অ্যাক্সেলারেটর চেপেছিলাম।' উত্তরে এক পথচারী বলেন, 'ওটা আদৌ কি আস্তে ছিল?' পুলিশ চালককে আটক করেছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যেখানে চালকের নির্লিপ্ত প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।