সুপ্রিম কোর্ট জানায়, "আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন তার প্রয়োজন নেই।"

ফাইল ছবি
শেষ আপডেট: 28 July 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটার তালিকায় (Bihar Voter List) বিশেষ সংশোধনে স্থগিতাদেশ নয়। তালিকা সংশোধনে আধার, ভোটার কার্ড বিবেচনা করা হোক, পরামর্শ সুপ্রিম কোর্টের (Supreme Court)। খসড়া তালিকায় স্থগিতাদেশর আর্জি করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও কপিল সিব্বল।
শীর্ষ আদালতে তাঁরা সওয়াল করেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত। সুপ্রিম কোর্ট জানায়, "জাতীয় নির্বাচন কমিশনের উত্তর আপনি মনে হয় ঠিক করে পড়েননি। আপনারা আগের শুনানিতে স্থগিতাদেশ চাননি।"
নির্বাচন কমিশনের আইনজীবী জানান, "শুধুমাত্র খসড়া, অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে।" এর পরই সুপ্রিম কোর্ট জানায়, "আমরা যখন মামলাকারীদের সঙ্গে একমত হব, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেব, এখন তার প্রয়োজন নেই।"
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত জানান, "কোন সময় আলোচনা চান সেটা জানান। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় পরবর্তী শুনানির দিন ধার্য করব। আজকের মতো শুনানি শেষ, বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের খসড়ায় কোনও স্থগিতাদেশ নয়।"
ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে দশটির মতো আবেদন জমা পড়েছিল, তা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা নাগরিকত্ব যাচাইয়ে কমিশনের এক্তিয়ার রয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন।