
সিন্ধু জলচুক্তি
শেষ আপডেট: 10 May 2025 20:06
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি (India-Pakistan Ceasefire) ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু এখনই সিন্ধু জলচুক্তি (Indus Water Treaty) নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও পরিবর্তন আসবে না। এমনই খবর বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) সূত্রে।
পূর্ব ঘোষণা আজ সন্ধ্যা ৬টায় মাত্র ১ মিনিটের জন্য সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব। জানিয়ে দেন, "শনিবার বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।"
এদিন দুপুরেই নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উচ্চপর্যায়ের ওই বৈঠকে ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা ছিলেন।
শুক্রবারও সেনাপ্রধানেরা দফায় দফায় বৈঠক করেন মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। শনিবারের বৈঠকেও ছিলেন রাজনাথ। এ ছা়ড়াও চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
চার দিন ধরে তীব্র সামরিক উত্তেজনা, হামলা ও পাল্টা হামলা এবং সীমান্তে রক্তক্ষয়ের পর অবশেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে (India Pakistan Ceasefire) সম্মত হয়েছে। দুই দেশের সামরিক আধিকারিকদের মধ্যে সরাসরি কথোপকথনের মধ্যে দিয়ে যুদ্ধবিরতির শর্তে পৌঁছনো গেছে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি।
তবে এহেন সিদ্ধান্তে কূটনৈতিক স্তরে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। একই ভাবে পাকিস্তানের নাগরিকদের আপাতত ভারতে ভিসাও দেওয়া হবে না বলেও বিদেশমন্ত্রক সূত্রে খবর।