যোগীর দাবি, 'কাঁওয়ার যাত্রীদের মধ্যেও বহু সময়ে অনুপ্রবেশ করে থাকে দুষ্কৃতীরা। তারাই অশান্তির সূত্রপাত করে, বদনাম করে গোটা যাত্রাকে।'

কাঁওয়ার যাত্রা
শেষ আপডেট: 20 July 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: কাঁওয়ার যাত্রা শান্তিপূর্ণ রাখতে কড়া ব্যবস্থা প্রশাসনের। যাত্রাপথে এবার থেকে আর বেসবল ব্যাট, হকি স্টিক বহন করা যাবে না, সাফ জানিয়ে দেওয়া হল রবিবার। প্রশাসনের মতে, সম্প্রতি ডিজে বাজানোকে কেন্দ্র করে কাঁওয়ার যাত্রীদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। সেই সবের পুনরাবৃত্তি ঠেকাতেই এই সিদ্ধান্ত।
প্রশাসনের তরফে নির্দেশে বলা হয়েছে, 'কাঁওয়ার যাত্রীদের জানানো হচ্ছে, তাঁরা যেন যাত্রার পথে হকি স্টিক বা বেসবল ব্যাটের মতো বস্তু না বহন করেন।' তবে ধর্মীয় প্রতীক বহনে কোনও বাধা নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ত্রিশূলের মতো ধর্মীয় প্রতীক বহন করা যাবে।
এর মধ্যেই শনিবার উত্তরপ্রদেশের মির্জাপুর রেল স্টেশনে ট্রেনের টিকিট কেনাকে ঘিরে এক কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) জওয়ানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে কাঁওয়ার যাত্রীদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গেরুয়া পোশাক পরা যাত্রীদের একটি দল মির্জাপুর স্টেশনে এক জওয়ানকে ঘিরে ধরে প্রথমে, তারপর তাঁকে ফেলে কিল-চড়-ঘুষি মারতে শুরু করেন। বাকি যাত্রীরা দাঁড়িয়ে দেখলেও কেউ এগিয়ে আসেননি।
এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফের কাঁওয়ার যাত্রীদের পাশে দাঁড়ালেন। রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, 'কিছু লোক কাঁওয়ার যাত্রার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। সোশ্যাল মিডিয়ায় ভুঁয়ো প্রচার চালিয়ে ভক্তির আবেগে জল ঢালার চক্রান্ত চলছে।' তিনি আরও বলেন, 'যেখানে ভক্তি-আবেগ থাকে, সেখানে কিছু দুষ্টচক্র ঢুকে সেই আবেগে আঘাত হানার চেষ্টা করে। প্রত্যেক কাঁওয়ার সংঘকে অনুরোধ করছি, এইসব ‘উপদ্রবকারীদের’ চিনে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।'
যোগীর দাবি, 'কাঁওয়ার যাত্রীদের মধ্যেও বহু সময়ে অনুপ্রবেশ করে থাকে দুষ্কৃতীরা। তারাই অশান্তির সূত্রপাত করে, বদনাম করে গোটা যাত্রাকে।'