
শেষ আপডেট: 2 October 2023 22:53
দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল মাসে গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তাঁর ভাইকে পুলিশের ঘেরাটোপে গুলি করে খুন করে আততায়ীরা! আতিকের মৃত্যুর পর তোলপাড় হয়েছিল, জাতীয় রাজনীতি। অনেকেই প্রশ্ন তুলেছিল, আতিককে এনকাউন্টার করেছে যোগী আদিত্যনাথের পুলিশ। বিষয়টা গড়ায় সুপ্রিম কোর্টেও। সোমবার উত্তরপ্রদেশ সরকার শীর্ষ আদালতে জানায়, আতিক ও তাঁর ভাইকে এনকাউন্টার করা হয়নি!
সোমবার শীর্ষ আদালতে যোগী সরকার একটি রিপোর্ট পেশ করে। সেখানে তারা উল্লেখ করে, প্রয়াগরাজে আতিক ও তাঁর ভাইয়ের খুনের ঘটনার সঙ্গে কোনওভাবেই রাজ্য পুলিশ জড়িত নয়। আতিকের খুনের তদন্তে এমন কোনও তথ্য মেলেনি, যেখানে পুলিশকে কাঠগড়ায় তোলা যায়।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
২০১৭ সাল থেকে যোগী রাজ্যে যেসব এনকাউন্টার হয়েছে, সবমিলিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। সেই তালিকায় যেমন ছিল গ্যাংস্টার বিকাশ দুবের খুন, তেমনই ছিল আতিকের মৃত্যু! এদিন আদালতে উত্তরপ্রদেশ সরকার, আতিক ও তাঁর ভাই আশরফ আহমেদের খুনের তদন্তের বিস্তারিত রিপোর্ট জমা দেয়।
সেই রিপোর্টে বলা হয়েছে, মামলাকারী তাঁর মামলায় যে সাতটি ঘটনার কথা উল্লেখ করেছে, সব ক'টাই কোনও না কোনও আদালতের নির্দেশে রাজ্য তদন্ত চালাচ্ছে। কিন্তু কোনও তদন্তেই এখনও পর্যন্ত পুলিশের কোনও দোষ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, সমস্ত নিয়ম মেনেই তদন্ত করা হচ্ছে।
গত ১৫ এপ্রিল পুলিশের ঘেরাটোপের মধ্যেই খুন হয়ে যান গ্যাংস্টার-রাজনীতিবিদ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফ। উমেশ পাল অপহরণ মামলায় জেলবন্দি ছিলেন আতিক। জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রকাশ্যে খুন হন তাঁরা। এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করে যোগী পুলিশ। তারা জানিয়েছিল, সাংবাদিক সেজে এসে দুষ্কৃতীরা গুলি করে আতিকদের। এই ঘটনার সঙ্গে পুলিশের কোনও যোগ নেই। সোমবার আদালতে সেই কথাই আবারও জানাল রাজ্য সরকার।