ইনস্টাগ্রামে বন্ধুত্ব। তারপর প্রেম। আর সেই সূত্রেই প্রেমিকার সঙ্গে দেখা করতে নেদারল্যান্ডস থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হাজির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্ট শহরে।

প্রেমিকার টানে নেদারল্যান্ডস থেকে নদিয়া!
শেষ আপডেট: 26 June 2025 19:42
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে বন্ধুত্ব। তারপর প্রেম। আর সেই সূত্রেই প্রেমিকার সঙ্গে দেখা করতে নেদারল্যান্ডস থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে হাজির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তেহট্ট শহরে। কিন্তু সেই রোম্যান্টিক সফরের ইতি ঘটল পুলিশের হস্তক্ষেপে। কারণ, যাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই বিদেশি যুবক, তিনি একজন নাবালিকা—একাদশ শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেদারল্যান্ডসের নাগরিক হেনরিকস প্রথমে মায়াপুরে পৌঁছন। সেখান থেকে সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ এসে পৌঁছন তেহট্টে। ইনস্টাগ্রামে একাদশ শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীর সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সূত্রেই দেখা করার উদ্দেশ্যে তেহট্টে এসেছিলেন হেনরিকস।
তবে শহরের তেহট্ট বিডিও অফিস চত্বরে বেশ কয়েক ঘণ্টা এক বিদেশিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের। এক জন জিজ্ঞেস করতেই ওই যুবক জানান, তিনি এসেছেন নিজের ‘গার্লফ্রেন্ড’-এর সঙ্গে দেখা করতে। ঠিক তখনই পাশের একটি স্কুলের জানালা থেকে এক ছাত্রী হাত নাড়ে। তিনিও সেই ইশারার জবাব দেন।
বিকেলে দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে দু’জনে কথা বলছেন। প্রায় আধ ঘণ্টা ধরে কথোপকথন চলে। একজন স্থানীয় বাসিন্দা জানান, “দূর থেকে মনে হচ্ছিল, ছাত্রীটিকে একটি পুতুল উপহারও দেন ওই বিদেশি যুবক।”
যদিও এরপর পুরো ঘটনাটি এলাকায় চাঞ্চল্য তৈরি করে। খবর যায় পুলিশেও। তেহট্ট থানার পুলিশ এসে হেনরিকসকে থানায় ডেকে পাঠায়। সেখানেই পুলিশ তাঁকে জানায়, যাঁর সঙ্গে তিনি দেখা করতে এসেছেন, তিনি নাবালিকা। তাই এই অবস্থায় তাঁর ভারতে থাকা ঠিক হবে না। পুলিশের পরামর্শ অনুযায়ী, প্রায় সাত ঘণ্টা তেহট্টে কাটিয়ে ফিরে যান হেনরিকস।
তেহট্ট থানার এক অফিসার বলেন, “একটি নাবালিকা মেয়ের সঙ্গে এক বিদেশি যুবক সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব গড়ে তোলে এবং তাঁকে দেখতে এখানে চলে আসে। বিষয়টি ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়। আমরা ওঁকে থানায় ডেকে বলি, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই ফিরে যাওয়াই শ্রেয়।”