পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ছাত্রীটি কোনও মেডিক্যাল কলেজে সুযোগ পাননি। বুঝতে দেরি হয়নি যে প্রতারিত হয়েছেন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 3 August 2025 22:18
দ্য ওয়াল ব্যুরো: শুধু ওএমআর শিট (OMR) ফাঁকা রাখলেই নাকি নিট (NEET) পরীক্ষায় পাওয়া যাবে ভাল নম্বর। এমনই লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে বিহারের এক ছাত্রীকে প্রায় ৮.৫ লক্ষ টাকা প্রতারণার জালে জড়িয়ে ফেলে এক কিশোর গ্যাং। এই ঘটনায় ফের একবার উঠে এল নিট পরীক্ষার কোচিং মাফিয়ার ছায়া।
কোটার জওহরনগর থানায় অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
রাজস্থানের কোটা শহরে থেকে নিটের প্রস্তুতি নিচ্ছিল বিহারের এক ছাত্রী। তাঁর অভিযোগ, নিজের দুই ‘বন্ধু’র মাধ্যমেই পরিচয় হয়েছিল আমান ও সত্যম নামে দু’জনের সঙ্গে। তারা জানিয়েছিল, পরীক্ষার দিন ওএমআর শিট খালি রাখলেই হবে, তারা নাকি বাকিটা সামলে নেবে। এর জন্য অগ্রিম হিসাবে ৮.৫ লক্ষ টাকা নিয়েছিল তারা।
তবে, পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় ছাত্রীটি কোনও মেডিক্যাল কলেজে সুযোগ পাননি। বুঝতে দেরি হয়নি যে প্রতারিত হয়েছেন। ছাত্রী জানান, ওই টাকা তিনি জমিয়ে রেখেছিলেন নিজের বোনের বিয়ের জন্য।
ফল খারাপ হওয়ার পর ছাত্রীর পরিবার যখন টাকা ফেরতের দাবি তোলে, তখনই পালিয়ে যায় অভিযুক্তেরা। এমনকী, বন্ধুরা হুমকিও দিতে শুরু করে বলে অভিযোগ।
ছাত্রীর বক্তব্য, “আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখনই ওরা সুযোগ নেয়। বলেছিল, ওএমআর শিট ফাঁকা রাখলেই ওরা ভিতরে থেকে কাজ করে দেবে। আগেও নাকি করেছে।”
প্রতাড়িত ওই ছাত্রী আরও জানিয়েছেন, তাঁর এক বন্ধু রাজ শুক্লা তাঁর থেকে আলাদা করে আরও ১ লক্ষ টাকা নিয়েছিল। অভিযোগের পরে সে ৮০ হাজার টাকা ফেরত দিলেও, বাকি টাকা ফেরত দেয়নি।
পুলিশ আশ্বাস দিয়েছে যে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।