
নিজস্ব চিত্র
শেষ আপডেট: 23 September 2024 15:29
দ্য ওয়াল ব্যুরো: ২০ জুলাই মৃত্যু হয় পুনের আর্নস্ট অ্যান্ড ইয়ং সংস্থার কর্মী আনা সেবাস্তিয়ান পেরাইলের। তাঁর মৃত্যুর পর সংস্থাকে লেখা তাঁর মায়ের চিঠিতে সামনে আসে ঘটনাটি। হইচই পড়ে যায় দেশে। এই নিয়ে এবার মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কাজের চাপ সামলানোর মন্ত্র জানা উচিত বলে দাবি করেন তিনি। ধর্মকর্মে মন দেওয়ার পরামর্শও দেন।
চেন্নাই মেডিক্যাল কলেজের একটি অনুষ্ঠানে সম্প্রতি যোগ দেন নির্মলা সীতারমন। তোলেন পুনের ২৬ বছরের তরুণীর মৃত্যুর কথা। বলেন, 'আমাদের সন্তানরা কলেজ- বিশ্ববিদ্যালয়ে যায় পড়াশোনা করার জন্য এবং বেরিয়ে আসে ওড়ার স্বপ্ন নিয়ে। একজন CA পাশ করা তরুণী কাজের চাপ সামলাতে পারলেন না। ২-৩ দিন আগে জানা গেল, তিনি মারা গিয়েছেন।'
অর্থমন্ত্রী পুনের ঘটনাটিকে উদ্ধৃত করে বলেন, 'যে চাকরিই হোক, যেমনই হোক, যে পড়াশোনাই কেউ করে থাকুক। প্রত্যেক পরিবারের উচিত কাজের চাপ সামলানোর শিক্ষা দেওয়া। ভিতর থেকে শক্ত হতে শেখানো। যদি কেউ আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন, তাহলে এই ধরনের চাপের সঙ্গে খাপ খাইয়ে চলা অনেকটা সহজ হয়।'
অর্থমন্ত্রীর পরামর্শ, 'ভগবানে বিশ্বাস রাখুন। ভগবান ঠিক সামলে দেবেন সব। আধ্যাত্মিকতা জীবনকে নিয়মানুবর্তী করে তোলে। এর হাত ধরেই মানসিক ভাবে শক্ত হন একজন।'
তাঁর আরও সংযোজন, 'কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির উচিত আধ্যাত্মিকতার শিক্ষা দেওয়া। আমাদের সন্তানদের এভাবেই মনের জোর বাড়বে। তাতে দেশেরও উন্নতি হবে মনে আমার মনে হয়।'
অর্থমন্ত্রীর এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কারও মৃত্যুর পর পরিস্থিতি না বুঝে এমন মন্তব্যকে অনেকেই 'অমানবিক' বলে মনে করছেন। সীতারমনকে কটাক্ষ করে শিবসেনা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীও। আক্রমণ করেন CPI সাংসদ সন্দোষ কুমারও।