পর্যবেক্ষকদের অনেকের মতে, ট্রাম্প যেন এঁটুলির মতো লেগে রয়েছেন, ওই এক বিষয় নিয়ে। নয়াদিল্লির লাগাতার অস্বস্তির কারণ হয়ে উঠেছে ভারত-পাক সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের টিপ্পনি।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 29 October 2025 12:06
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আবারও প্রশংসায় ভরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প( Donald Trump)। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (APEC) বাণিজ্যিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ট্রাম্প এদিন মোদীর সম্পর্কে বলেন, কী দারুণ দেখতে! নাইসেস্ট লুকিং ম্যান! তবে একইসঙ্গে ফের দাবি করেছেন, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য সংঘাত তিনি নিজে থামিয়েছিলেন।
ট্রাম্পের দাবি: “আমি যুদ্ধ থামিয়েছি”সোলে ব্যবসায়িক নেতাদের মধ্যাহ্নভোজ বৈঠকে বক্তৃতায় ট্রাম্প বলেন, “দুটি পারমাণবিক শক্তিধর দেশ লড়াই করতে চলেছিল। আমি তাদের বলেছিলাম — না, এটা হতে দেওয়া যায় না। প্রধানমন্ত্রী মোদী খুবই শক্ত মানুষ, দেখতে সবচেয়ে সুন্দর, কিন্তু ভীষণ কঠিন চরিত্রের। তিনি বললেন— না, আমরা লড়ব। আমি অবাক হলাম, এ কি সেই মানুষ যাঁকে আমি চিনি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ফোন করে জানাল, যুদ্ধ বন্ধ হয়েছে।”
ট্রাম্প দাবি করেন, তিনি বাণিজ্য চাপকে হাতিয়ার করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চেয়েছিলাম, কিন্তু বললাম— যদি তোমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করো, তাহলে আমরা চুক্তি করতে পারব না। একই কথা পাকিস্তানকেও বলেছি। তারপরই তারা লড়াই বন্ধ করতে রাজি হয়।” তিনি আরও যোগ করেন, “আমার প্রধানমন্ত্রী মোদীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আমাদের সম্পর্ক খুব ভাল। পাকিস্তানের প্রধানমন্ত্রীও ভালো মানুষ, তাঁর ফিল্ড মার্শালরা অসাধারণ যোদ্ধা।”
এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে ভূমিকা নিয়েছেন। যদিও ভারত কখনও এই দাবি স্বীকার করেনি। দক্ষিণ কোরিয়ার APEC মঞ্চে তাঁর সাম্প্রতিক মন্তব্য আবারও আন্তর্জাতিক কূটনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে মোদী-ট্রাম্প সম্পর্ক ও ভারত-পাক সংঘাতের প্রসঙ্গকে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, ট্রাম্প যেন এঁটুলির মতো লেগে রয়েছেন, ওই এক বিষয় নিয়ে। নয়াদিল্লির লাগাতার অস্বস্তির কারণ হয়ে উঠেছে ভারত-পাক সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের টিপ্পনি।