
শেষ আপডেট: 23 February 2024 11:36
দ্য ওয়াল ব্যুরো: চারশো আসন নিয়ে তিনি তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরবেন, বিগত কয়েকদিন যাবত বারে বারে দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ব্যাপারে নিজের আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে এখন থেকেই তাঁর পরবর্তী মন্ত্রিসভার কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্ত্রীদের বলেছেন, আগামী একশো দিন এবং পরবর্তী পাঁচ বছরের কর্ম পরিকল্পনা বা 'রোড ম্যাপ' জমা দিতে।
বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রী মন্ত্রীদের বলেছেন, পরের মন্ত্রিসভায় কে মন্ত্রী হবেন আর কে হবেন না, সেই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে এখন থেকেই আমাদের পরবর্তী কাজ এগিয়ে রাখুন।
সাধারণত, নতুন মন্ত্রিসভা গঠনের পর পরের একশো দিন এবং পাঁচ বছরের কাজের রোড ম্যাপ তৈরি করতে বলা হয় মন্ত্রীদের। কিন্তু প্রধানমন্ত্রী মোদী হাঁটলেন নতুন রাস্তায়।
বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রী ফের ৩ অথবা ৪ মার্চ মন্ত্রীদের বৈঠকে ডাকতে পারেন। মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। তার আগে বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠকটি সেরে ফেলতে চান
প্রধানমন্ত্রী কেন পরবর্তী মন্ত্রিসভার কাজ এখন থেকেই শুরু করতে বলেছেন মন্ত্রীদের? রাজনৈতিক মহল মনে করছে, এর পিছনে মোদীর দুটি কৌশল কাজ করছে। এক. তিনি দেখাতে চাইছেন, তাঁর আত্মবিশ্বাস তুঙ্গে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরা নিয়ে তাঁর মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই। দুই. তিনি নিজেকে কর্মযোগী হিসাবেও তুলে ধরতে চাইছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, তিনি দিনে মাত্র সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় কাজের মধ্যে থাকেন। মোদীর এই বক্তব্যে অবশ্য দ্বিমত করার সুযোগ নেই। সরকারি সূত্রের খবর, ২০১৪- র ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে মোদী একদিনের জন্যও ছুটি নেননি।