
বরখাস্ত অভিযুক্ত শিক্ষক
শেষ আপডেট: 19 April 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে উত্তরপ্রদেশে সর্দি-কাশির চিকিৎসা করাতে আসা পাঁচ বছরের শিশুকে জোর করে ধূমপান করিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এক চিকিৎসক! এবার মধ্যপ্রদেশে ক্লাসে বসে পড়ুয়াদের সঙ্গে বসেই মদ্যপানের অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে (MP Teacher offering liquor to students)! যা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।
পড়ুয়াদের ভবিষ্যৎ জীবনের জন্য গড়ে তোলেন শিক্ষকরাই। একজন শিক্ষক কেবল পুঁথিগত শিক্ষা দেন না, পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলতেও তাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন। অথচ সম্প্রতি মধ্যপ্রদেশের ভাইরাল হওয়া একটি ভিডিও যেন একেবারেই ব্যতিক্রম। ক্লাসের মধ্যে ছাত্রদের সঙ্গেই মদের আসর জমিয়েছেন শিক্ষক। গ্লাসে ঢেলে দিচ্ছেন মদ।
জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষকের নাম লালনবীন প্রতাপ সিং। বারওয়ারা ব্লকের খিরহানি গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যে ছাত্রদের নিয়ে আসর জমিয়েছেন অভিযুক্ত শিক্ষক। নিজেই মদ ঢেলে দিচ্ছেন গ্লাসে। খুদে পড়ুয়ারাও গ্লাস হাতে একের পর এক চুমুক দিচ্ছে। এমনকি তাদের গ্লাসে জল মিশিয়ে নেওয়ার কথাও বলছেন লালনবীন প্রতাপ সিং। তাঁর নানা কথায় উঠছে হাসির রব। সেখানেই উপস্থিত একজন সম্পূর্ণ ভিডিওটি রেকর্ড করেছেন।
এই ভাইরাল ভিডিও (Madhya Pradesh Viral Video) নজরে আসতেই পদক্ষেপ করে জেলাশাসক দিলীপ কুমার যাদব। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অপ্রাপ্তবয়স্কদের মদ্যপানে উৎসাহিত করা, শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করা সহ একাধিক অভিযোগে লাল নবীন প্রতাপ সিংকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে খবর। তবে এই ঘটনায় এখনও অভিযুক্ত শিক্ষকের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি ঘটনা তীব্র শোরগোল ফেলে দেয়। যেখানে সর্দি-কাশির চিকিৎসা করাতে আসা বছর পাঁচের এক শিশুকে ধুমপান করানোর অভিযোগ ওঠে চিকিৎসকের বিরুদ্ধে। একের পর এক ঘটনা ঘিরে সমাজমাধ্যমে সরব হয়েছে নেটিজেনদের একাংশ।