রাজস্থানের আজমেরে নৃশংস ঘটনা। লিভ-ইন পার্টনারের সঙ্গে মতবিরোধের জেরে তিন বছরের কন্যাকে লেকের জলে ফেলে দিলেন মা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সত্যি। পুলিশ গ্রেফতার করেছে ২৮ বছরের অঞ্জলিকে।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 18 September 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: আজমেরে তিন বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। প্রেমিকের সঙ্গে লিভ-ইনে থাকা অবস্থায় মেয়েকে লেকে ফেলে দিলেন ওই তরুণী।
মহিলার নাম অঞ্জলি ওরফে প্রিয়া। উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রেমিক অলোকেশের সঙ্গে আজমেরে থাকতে শুরু করেন। স্থানীয় একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। একই হোটেলে কাজ করতেন অলোকেশও।
মঙ্গলবার গভীর রাতে টহল দেওয়ার সময় হেড কনস্টেবল গোবিন্দ শর্মা এক দম্পতিকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখেন। প্রশ্ন করা হলে অঞ্জলি জানান, মেয়েকে নিয়ে তিনি বেরিয়েছিলেন। কিন্তু হঠাৎই সন্তান নিখোঁজ হয়ে যায়। সারারাত খুঁজেও মেয়ের খোঁজ পাননি।
কিন্তু পুলিশের হাতে আসে সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যায়, অঞ্জলি মেয়েকে কোলে নিয়ে অণা সাগর লেকের ধারে ঘুরছেন। রাত দেড়টার সময় আবার দেখা যায়, তিনি একা মোবাইল ফোনে ব্যস্ত। এই দৃশ্যেই ধরা পড়ে অসঙ্গতি।
পরের দিন সকালে লেক থেকেই উদ্ধার হয় শিশুটির দেহ। জেরা শুরু হতে ভেঙে পড়েন অঞ্জলি। স্বীকার করেন, তিনিই নিজের মেয়েকে লেকের জলে ফেলে দিয়েছেন। অভিযোগ, প্রেমিক অলোকেশ বারবার তাঁকে কটূক্তি করতেন সন্তানের জন্য। সেই চাপ সামলাতেই এই পদক্ষেপ।
পুলিশ জানিয়েছে, একাই খুনের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন অঞ্জলি। ঘটনার সময়ে অলোকেশ সেখানে ছিলেন না। রাত দু’টো নাগাদ অঞ্জলি তাঁকে ফোনে জানান যে মেয়ে নিখোঁজ। তবে অলোকেশের কোনও ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অঞ্জলিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে।