ছেলের মৃত্যুর ঠিক পরপরই দ্রুত অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক দুর্বলতা বাড়ছিল দিনের পর দিন। কিন্তু শনিবার সবটাই শেষ হয়ে গেল। একই সঙ্গে মা-ছেলের শেষকৃত্য সম্পন্ন করে শোকস্তব্ধ হয়ে গোটা পরিবার।

ফাইল ছবি
শেষ আপডেট: 30 June 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: গত ১৫ জুন, কেদারনাথ থেকে গুপ্তকাশী ফেরার পথে গৌরিকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়েছিল হেলিকপ্টার (Kedarnath Helicopter Crash)। ছ'জন তীর্থযাত্রী-সহ মৃত্যু হয় সাতজনের। চালকের আসনে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহান (Rajveer Singh Chauhan)। ওই দুর্ঘটনার ১৩ দিন পর, শনিবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। সেদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তাঁর মা বিজয় লক্ষ্মী চৌহান (Mother Death)।
পুত্রের মৃত্যুশোক যে এক মা মেনে নিতে পারলেন না, তার প্রমাণ এই ঘটনা। শোকেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। উত্তরাখণ্ডের কেদারনাথ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারানো প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল রাজবীর সিং চৌহানের পরিবারে জোড়া মৃত্যুর ঘটনায় গভীর শোকের ছায়া।
জয়পুরের শাস্ত্রী নগরের চৌহান পরিবার ছেলের অকালমৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। তার মধ্যেই তাঁর মায়ের মৃত্যু! পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আচমকাই বুকে ব্যথা শুরু হয় বিজয় লক্ষ্মীর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, কিছুই করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের মতে, রাজবীরের মৃত্যু মেনে নিতে পারছিলেন না মা।
ছেলের মৃত্যুর ঠিক পরপরই দ্রুত অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক দুর্বলতা বাড়ছিল দিনের পর দিন। কিন্তু শনিবার সবটাই শেষ হয়ে গেল। একই সঙ্গে মা-ছেলের শেষকৃত্য সম্পন্ন করে শোকস্তব্ধ হয়ে গোটা পরিবার।
রাজবীরের শেষযাত্রার ছবিও চোখে জল এনেছে বহু মানুষের। সেনা পোশাকে স্বামীর ছবি বুকে চেপে রেখেই শেষবিদায় জানিয়েছেন স্ত্রী কর্নেল দীপিকা। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য। দুর্ঘটনার মাত্র চার মাস আগেই যমজ সন্তানের জন্ম দেন তিনি। স্বামীর চিরবিদায়ের দিনে চোখের জল আটকে রাখতে পারেননি।
বায়ুসেনায় ১৪ বছর কর্মরত থাকার পর লেফটেন্যান্ট কর্নেল পদে অবসর নেন রাজবীর। তাঁর ঝুলিতে ছিল ২০০০ ঘণ্টার বেশি উড়ান চালানোর অভিজ্ঞতা। গত বছর অক্টোবর মাসে তিনি বেসরকারি সংস্থা আরিয়ান অ্যাভিয়েশনে যোগ দেন।
কিন্তু পাহাড়ি আবহাওয়ার খামখেয়ালিপনার কাছে হার মানে তাঁর অভিজ্ঞতা। বর্তমানে শোক আর নিঃশব্দতা ছাড়া কিছুই নেই চৌহান পরিবারে।