
কেদারনাথ মন্দিরে ভক্তদের ঢল
শেষ আপডেট: 15 May 2024 08:18
দ্য ওয়াল ব্যুরো: অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে খুলেছে কেদারনাথ ধামের দরজা। গত শুক্রবার ভোরে কেদারনাথ মন্দির খোলার পর থেকেই শুরু হয়েছে ভক্তদের ভিড়। মাত্র ৪ দিনে কেদারনাথে আসা দর্শনার্থীদের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।
গত ১০ মে যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধামের দরজা খুলে দেওয়া হয়েছিল। চারধাম যাত্রাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ এবারও চোখে পড়ার মতো। গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে হালকা তুষারপাত ও বৃষ্টি চলছে। কিন্তু তাতে ভক্তের সংখ্যা এতটুকু কমেনি।
যমুনোত্রী, গঙ্গোত্রী এবং কেদারনাথ ধাম ছাড়াও ১২ মে বদ্রিনাথ ধামের দরজাও খোলা হয়েছে। ভক্তদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই বছর কেদারনাথ ধামে বেশ কয়েকটি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কেদারনাথ যাত্রার সময়ে পুণার্থীদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সংশ্লিষ্ট ফোন নম্বরগুলি হল- ৯৮৭০৯৬৩৭৩১, ০১৩৬৪-২৯৭৮৭৮, ০১৩৬৪-২৯৭৮৭৯
এখনও পর্যন্ত, ভারত এবং বিদেশ থেকে ২৩ লাখেরও বেশি মানুষ চরধাম দেখার জন্য নাম নথিভুক্ত করেছে। মন্দির খোলার পর থেকেই পুরো চত্বর ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মেতে উঠেছে। ভক্ত ও তীর্থযাত্রীরা এই যাত্রার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। ৬ মাস পর মন্দির খুলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে প্রথম পুজো দেওয়া হয়েছে বলে খবর।
বছরে ছয় মাস কেদারনাথ মন্দির বন্ধ থাকে এবং ছয় মাস এই মন্দির খোলা থাকে। শীতকালে মন্দির চত্বর বরফে ঢেকে যায়। এই কারণেই ভাইফোঁটার পরের দিন ছয় মাসের জন্য বন্ধ করা হয় মন্দিরের দরজা। শোনা যায়, সেই সময় একটি প্রদীপ মন্দিরের ভেতরে জ্বালানো হয়।