মঙ্গলবার ফের দিল্লি ও লাগোয়া ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ঘুম ভাঙল ঘন কুয়াশা ও ধোঁয়াশার কম্বল চাপা দিয়ে।

ফাইল ছবি।
শেষ আপডেট: 23 December 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই দিল্লিবাসীর ফি-বছরের ভোগান্তি। মঙ্গলবার ফের দিল্লি ও লাগোয়া ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের ঘুম ভাঙল ঘন কুয়াশা ও ধোঁয়াশার কম্বল চাপা দিয়ে। গাজিয়াবাদ ও নয়ডা সহ বহু জায়গায় এ কারণে দৃশ্যমানতা পৌঁছেছিল শূন্যে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যমানতা ভোরের দিকে প্রায় শূন্যে পৌঁছে যায়। সকাল ৮টায় আবহাওয়া দফতর জানায়, খালি চোখে দৃশ্যমানতা ছিল মাত্র ৫০ মিটার।
এ কারণের এদিন খুব ভোরের দিকে প্রায় ২০০টি উড়ান দেরিতে ছেড়েছে এবং বাতিল করা হয়েছে ১০টি। একইসঙ্গে রাজধানী শহর ও সংলগ্ন এলাকার বাতাসের দূষণও ছিল ভয়ঙ্কর মাত্রায়। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুদূষণের মাত্রা ৪১৪ ছুঁয়ে যায়। এই তথ্য জানিয়েছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীর অ্যাপ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন অর্থাৎ অন্তত ক্রিসমাস পর্যন্ত বাতাস ভারী থাকবে এবং যার ফলে ঘন ধোঁয়াশায় ঢাকা থাকবে রাজধানী এলাকা। দিল্লির বাতাসের মান ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত খুব খারাপ স্তরেই থাকবে। এবং ২৫ ডিসেম্বরের পর থেকে তা খুব খারাপ থেকে বিপজ্জনক স্তরে নেমে যেতে পারে।
দিল্লি ছাড়াও ঘন কুয়াশায় মোড়া থাকবে পার্শ্ববর্তী পাঞ্জাব ও উত্তরপ্রদেশ। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানও কুয়াশার হামলা থেকে মুক্তি পাচ্ছে না আপাতত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশের একাংশে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।