শনিবার নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দফায় এই বিমানবন্দর তৈরির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। নির্মাণ শেষ হলে, এটাই হবে দেশের সবথেকে বড় বিমানবন্দর।

নয়ডা বিমানবন্দরের প্রথম ফেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 28 March 2026 13:53
দ্য ওয়াল ব্যুরো: শনিবার উত্তর প্রদেশের নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের (Noida International Airport) প্রথম ফেজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দিল্লি-এনসিআর অঞ্চলে এটা দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI Airport) উপর চাপ কমাতে নয়ডার এই নতুন বিমানবন্দর সাহায্য করবে বলে বিশেষজ্ঞদের মত।
মোট দুই দফায় এই বিমানবন্দর তৈরির কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। মনে করা হচ্ছে, এই দুই দফায় যাত্রী সংখ্যা সাত কোটি থেকে বেড়ে প্রায় ২২ কোটি হবে। প্রথম দফার কাজে হবে চারটি ভাগে।
মোট ১১ হাজার ৭৪২ একর জায়গা-জুড়ে গড়ে উঠবে এই বিমানবন্দর। এখানে ৮৭ একর জায়গায় থাকবে কার্গো হাব। পাশপাশি ৪০ একর জায়গায় থাকবে মেরামত এবং অন্যান্য ব্যবস্থা। এটাই দেশের প্রথম বিমানবন্দর যেখানে নিজস্ব বিমান মেরামতের ব্যবস্থা থাকবে।
নির্মাণের কাজ শেষ হলে, এটাই হবে দেশের সবথেকে বড় বিমানবন্দর। বার্ষিক প্রায় ২২ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করবেন বলে আন্দাজ করা হচ্ছে। পাশাপাশি, এনসিআর অঞ্চলে অর্থনৈতিক উন্নতির গতি বাড়বে বলেও মনে করা হচ্ছে।
৮৭ একর এলাকার কার্গো টার্মিনালে গাড়ি পার্কিং ব্যবস্থা, গুদাম এবং লজিস্টিক জোন থাকবে। প্রায় ৩০ একর-জুড়ে থাকবে দেশীয় এবং আন্তর্জাতিক কুরিয়ার টার্মিনাল।
জানা গিয়েছে, এই বিমানবন্দরে ৩ হাজার ৯০০ মিটার রানওয়ে থাকবে বিমান ওঠা-নামার জন্য। বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর মতো চওড়া বিমান সহজেই এই রানওয়ে ব্যবহার করতে পারবে। পাশাপাশি, এখানে অত্যাধুনিক নেভিগেশন ব্যবস্থা-সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার রা হবে।