
মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে অম্বর দুর্গে স্বাগত জানাচ্ছে দুই হাতি।
শেষ আপডেট: 22 April 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: ভারত-আমেরিকা শুল্কচুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। সোমবার দুই নেতার আলোচনার সময় মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে ভ্যান্সের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী উষা। দুই ছেলে ইওয়ান, বিবেক ও মিরাবেল। মোদীর তিন শিশুর সঙ্গে ছেলেমানুষির মতো আদর-রসিকতা করেন। পরে তিন ছোট্ট বাচ্চার হাতে একটি করে ময়ূরের পালক তুলে দেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দুজনেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (BTA) নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। কথার শেষে দুই নেতা আপস-আলোচনার সুপারিশ চূড়ান্ত করার পথে বলে ঘোষণা করেন। এই আলোচনা ভবিষ্যতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য চুক্তির সাফল্যের পথকে এগিয়ে নিয়ে যাবে।
#WATCH | PM Modi welcomes US Vice President JD Vance and Second Lady Usha Vance and their children to his official residence at Lok Kalyan Marg in Delhi pic.twitter.com/cbKUrPsjkv
— ANI (@ANI) April 21, 2025
ভ্যান্সের সঙ্গে আলোচনার পরদিনই মঙ্গলবার সকালে মোদী সৌদি আরবের জেড্ডার উদ্দেশে রওনা দেন। যাওয়ার আগে এক এক্সবার্তায় পোস্ট করেন, সোদি আরবে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেব। সৌদির সঙ্গে ভারতের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব অমূল্য। আমি কৌশলগত অংশীদারিত্ব পরিষদের দ্বিতীয় বৈঠকে যোগ দিতে উৎসুক। সেখানে অনাবাসী ভারতীয়দের সঙ্গেও আমি দেখা করব।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত উষা ভ্যান্সের এবারের ভারত সফর সম্পূর্ণ ব্যক্তিগত। জয়পুরে একটি রাজকীয় বৈভবের বিয়েবাড়িতে নিমন্ত্রিত হিসেবে চারদিনের সফরে ভারতে এসেছেন আমেরিকার সেকেন্ড লেডি। তার আগে এদিন সকালেই জয়পুরে এসে দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে নেন তাঁরা সপরিবারে। রামবাগ প্যালেসে তাঁরা উঠেছেন। সেখান থেকে ঘুরতে আসেন জয়পুরের অম্বর দুর্গ। সেখানে তাঁদের স্বাগত জানানো হয় রাজস্থানি লোকনৃত্য-গীতের মাধ্যমে এবং রাজকীয় কায়দায় সুসজ্জিত দুই হাতি চান্দা ও মালা শুঁড় উঁচিয়ে তাঁদের কুর্নিশ করে।
#WATCH | Rajasthan: Vice President of the United States, JD Vance, along with Second Lady Usha Vance and their children at Jaipur's Amber Fort. pic.twitter.com/vhE2iPh61Z
— ANI (@ANI) April 22, 2025
বিদেশ সফরে স্ত্রীকে সঙ্গে নিয়ে এলে শপিংয়ে তো কিছু খরচা হবেই! তার উপর যে দেশে দম্পতি এসেছেন, সেই দেশ যদি ভাইস প্রেসিডেন্টের শ্বশুরবাড়ির দেশ হয়, তাহলে তো বউয়ের বায়না রাখতেই হবে। তাই জেডি ভ্যান্সকে পাকড়াও করে খোদ উষা দিল্লিতে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামেও গিয়েছিলেন। সেখানে গিয়ে নানান হাতের তৈরি ঘর সাজানোর সামগ্রী, সুদৃশ চিনেমাটি ও কাগজের মণ্ডের শোপিস এবং অথেনটিক দার্জিলিং চা কেনেন।