দেশ জুড়ে অপরাধের ধরন পাল্টাচ্ছে। একদিকে গ্যাংস্টার, সুপারি কিলার, অন্যদিকে আর্থিক ও সাইবার জালিয়াতরা—সবার হাতেই মোবাইল ফোন।

ফাইল ছবি।
শেষ আপডেট: 4 October 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে অপরাধের ধরন পাল্টাচ্ছে। একদিকে গ্যাংস্টার, সুপারি কিলার, অন্যদিকে আর্থিক ও সাইবার জালিয়াতরা (Cyber Fraud)—সবার হাতেই মোবাইল ফোন। কিন্তু বড় সমস্যা হল, আইএমইআই নম্বর বদলে ফেলে অনায়াসে সেই ফোন ব্যবহার করছে দুষ্কৃতীরা। ফলে এক রাজ্যে ব্লক হওয়া ফোন আরেক রাজ্যে নতুন সফটওয়্যার ইনস্টল করেই আবার সক্রিয় হয়ে উঠছে। তদন্তে পুলিশের হাত গুটিয়ে যাচ্ছে সেখানেই।
এই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ করল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। তৈরি হচ্ছে কেন্দ্রীয় ডেটাবেস (Central Mobile Database), যেখানে দেশজুড়ে সব মোবাইলের আইএমইআই নম্বর থাকবে নথিভুক্ত। কোনও অপরাধ ঘটলে বা ফোন ব্লক করা হলে সেই তথ্য সরাসরি যাবে ডেটাবেসে। ফলে সেই ফোন আর কোথাও ব্যবহার করা যাবে না।
সূত্রের খবর, ইতিমধ্যেই প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। নতুন এই পোর্টাল ব্যবহার করতে পারবে বিভিন্ন রাজ্যের পুলিশ। দ্রুত তদন্ত এগিয়ে নিতে সেখান থেকে পাওয়া তথ্য হবে বড় সহায় হবে। শুধু তাই নয়, পুরোনো ফোন কেনাবেচা করা সংস্থাগুলিকেও এই পোর্টালে ঢুকে সংশ্লিষ্ট হ্যান্ডসেটের তথ্য যাচাই করতে হবে। তার জন্য সামান্য ফি ধার্য করা হবে।
মন্ত্রকের কর্তারা আরও জানিয়েছেন, অনেক মোবাইল কোম্পানি পুরোনো বন্ধ হয়ে যাওয়া হ্যান্ডসেটের আইএমইআই আবার নতুন সেটে ব্যবহার করছে। সেই প্রক্রিয়াও বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ থেকে পরীক্ষার জন্য বা বিক্রির জন্য আনা ফোনগুলির তথ্যও জানাতে হবে সরকারকে।
সব মিলিয়ে, ফুলপ্রুফ এই ব্যবস্থার ফলে অপরাধীদের ফাঁদে ফেলা অনেক সহজ হবে বলেই মনে করছেন আধিকারিকরা। আর পুলিশের হাতেও থাকবে এক শক্তিশালী অস্ত্র—এক ক্লিকেই জানা যাবে, কোনও ফোনের সঙ্গে অপরাধের যোগ রয়েছে কি না।