
ফাইল ছবি।
শেষ আপডেট: 16 November 2024 08:48
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়দা প্রভাবিত একটি সংস্থা পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির অর্থ নাশকতার কাজে লাগাতে চাইছে বলে দিল্লি পুলিশ আদালতে জানিয়েছে। অগাস্ট মাসে দিল্লি পুলিশ রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ১১জনকে গ্রেফতার করেছিল। তাদের মধ্যে দু’জন পিএম কিষাণ সম্মাননিধির টাকা তুলে ঝাড়খণ্ডের একটি জঙ্গি সংগঠনকে গিয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে এই মর্মে রিপোর্ট জমা দিয়েছে রাজধানীর পুলিশ।
নিরাপত্তা এজেন্সিগুলির বক্তব্য, এইভাবে সরকারি প্রকল্পের টাকা দেশ বিরোধী জঙ্গি তৎপরতায় ব্যবহার করার নজির এই প্রথম সামনে এসেছে। ফলে নগদ টাকা দেওয়ার অন্যান্য প্রকল্পের দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে। পিএম কিষাণনিধি প্রকল্পে বছরে কেন্দ্রীয় সরকার কৃষকদের ছয় হাজার টাকা অর্থ সাহায্য করে থাকে।
ধৃতদের আইনজীবী আবু সাবার বক্কর অবশ্য বলেছেন, দিল্লি পুলিশ জোর করে তাঁর মক্কেলদের মামলায় জড়াচ্ছে। তারা সাধারণ শ্রমিক। জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের কোনও যোগ নেই। এদিকে, তদন্তের স্বার্থে পুলিশ ঝাড়খণ্ডের জঙ্গি সংগঠনটির নাম প্রকাশ করেনি। আদালতে সিল করা খামে সংগঠনটি সম্পর্কে প্রাপ্ত তথ্য দিয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়। রাজধানীতে নাশকতা বা আতঙ্কা তৈরির জন্য অস্ত্র সংগ্রহ করা হচ্ছিল বলে তদন্তকারীদের ধারণা। আদালতে দিল্লি পুলিশ জানিয়েছে, কারা প্রধানমন্ত্রী কিষাণনিধির টাকা পেতে ধৃতদের সাহায্য করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দু’জন যে ওই প্রকল্পে পাওয়া অর্থ জঙ্গিদের হাতে তুলে দিয়েছে সে ব্যাপারে পুলিশ নিশ্চিত।
তদন্তকারীদের বক্তব্য, জঙ্গি তৎপরতা চালানোর জন্য এখন অর্থ সংগ্রহ কঠিন হয়ে পড়েছে। নগদে লেনদেন দ্রুত কমে আসায় জঙ্গিরা বিপাকে পড়েছে। তাদের অর্থ সাহায্য দেওয়া ব্যক্তি, সংগঠনগুলি সতর্ক হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অর্থ উপার্জনের নতুন পথের সন্ধান করছে তারা।