
অমিত শাহ।
শেষ আপডেট: 16 June 2024 21:19
দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে ফি-বারের মতো এবারও ২৯ জুন থেকে শুরু হতে পারে অমরনাথ যাত্রা। চলবে টানা ৫২ দিন অর্থাৎ ১৯ অগস্ট পর্যন্ত।
তার আগে গত এক সপ্তাহে কাশ্মীরে পর পর চারবার জঙ্গি হামলা যথেষ্ঠ উদ্বেগ তৈরি করেছে। এই পরিস্থিতিতে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের নিরাপত্তা আধিকারিকদের যথাযথ পদক্ষেপের নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর, বৈঠকে শাহ একটি বিষয় শীর্ষ আধিকারিকদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, যেকোনও মূল্য জঙ্গিদের দমন করে তীর্থযাত্রীদের অমরনাথ যাত্রা সুনিশ্চিত করতে হবে।
বালতাল এবং পাহলগাম, জম্মু ও কাশ্মীরের দুটি রুট দিয়েই তীর্থযাত্রীরা অমরনাথের গুহা মন্দিরে প্রবেশ করেন। রিয়াসি, কাঠুয়া, ডোডা- একের পর এক জেলায় জঙ্গি হামলার ঘটনার পর স্বাভাবিকভাবে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, রিয়াসিতে গত সপ্তাহে তীর্থযাত্রীদের বাসকে টার্গেট করে জঙ্গিরা গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরও তাঁদের মৃত্যু নিশ্চিত করতে জঙ্গিরা নাগাড়ে গুলি চালিয়েছিল। স্বাভাবিকভাবে অমরনাথ যাত্রা ঘিরে নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে এই প্রসঙ্গে নিরাপত্তাবাহিনী কী কী পদক্ষেপ গ্রহণ করছেন, তা জানতে চান শাহ।
বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং সিআরপিএফ ডিজি অনীশ দয়াল সিং।
সূত্রের খবর, হঠাৎ করে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির নেপথ্যে কী কী কারণ, তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা জোরদার করতে আর কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, তা নিয়েও আলোচনা হয়।
সংবাদ সংস্থা জানাচ্ছে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উপত্যকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরেন পদস্থ কর্তারা। আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণরেখা বরাবর কোথায় কত বাহিনী মোতায়েন রয়েছে, কোন কোন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হচ্ছে, কোন কোন জঙ্গিগোষ্ঠী এই মুহূর্তে সক্রিয়- এই সংক্রান্ত বিষয়েই শাহকে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেন তাঁরা।
প্রসঙ্গত, জুনের দ্বিতীয় সপ্তাহে পর পর চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে। রিয়াসি, কাঠুয়া, ডোডা- একের পর এক জেলায় জঙ্গি হামলায় এক সিআরপিএফ জওয়ান-সহ এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। জখম একাধিক।