
গ্রেটার নয়ডার ল্যাবে তল্লাশি তদন্তকারীদের
শেষ আপডেট: 29 October 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: দিওয়ালির আগেই ৯৫ কেজির মাদক উদ্ধার হল উত্তরপ্রদেশে। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে গ্রেটার নয়ডার একটি ল্যাবে হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও দিল্লি পুলিশ। তারপরই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
তদন্তকারীরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন, ল্যাবটি চালাতেন তিহার জেলের ওয়ার্ডেন ও দিল্লির এক ব্যবসায়ী ও মুম্বইয়ের এক কেমিস্ট। তারাই বেআইনিভাবে দিল্লির বুকে মাদকের কারবার শুরু করেছিলেন বলে অভিযোগ। মেক্সিকান একটি ড্রাগ প্রস্তুতকারক সংস্থা মাদকের সমস্ত নমুনা পরীক্ষা করত বলে জানা গিয়েছে।
গ্রেটার নয়ডার কাসনা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত ওই ল্যাবটিতে বিপুল পরিমাণ মাদক মজুত করার খবর গোপন সূত্রে পায় পুলিশ। তারপরই গত ২৫ অক্টোবর ডেরায় হানা দিতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। নজরে আসে ক্ল্যান্ডেস্টিন মেথামফেটামিন। কঠিন ও তরল দুই আকারেই সেখানে মেথামফেটামিন মজুত ছিল বলে খবর।
এনসিবি সূত্রে খবর, ওই ল্যাবে মাদক তৈরিতে এসটোন, সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথাইলিন ক্লোরাইড, ইথাইনল, টোলুইনে, রেড ফসফরাস, ইথাইল এসটেটের মতো রায়াসনিক ব্যবহার করা হত।
দিল্লি পুলিশ সূত্রে খবর, যে ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে তিনি একটি মামলায় তিহার জেলে বন্দি ছিলেন। সেখানেই জেলের ওয়ার্ডেনের সঙ্গে আলাপ হয়। তিহারে বসেই বেআইনি মাদক তৈরির ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল বলে খবর। সেইমতো জেলমুক্তির পরই ছাড়া পেয়ে ওয়ার্ডেনকে সঙ্গে নিয়ে মাদক উৎপাদন ও ব্যবসা শুরু করেন দিল্লির অভিযুক্ত ব্যবসায়ী।