
শেষ আপডেট: 2 December 2023 09:01
দ্য ওয়াল ব্যুরো: ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স ২০২৩-এ অংশ নেওয়ার জন্য দুবাই গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা হয়ে গেল তাঁর। সুযোগ পেতেই টুক করে 'ভাল বন্ধু' মোদীর সঙ্গে সেলফি তুলে নিয়েছেন মেলোনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইতালির প্রধানমন্ত্রী লিখেছেন 'সিওপি২৮-এ ভাল বন্ধুরা।' হ্যাশট্যাগ-এ 'মেলোনি' আর 'মোদী' মিলিয়ে লিখেছেন, '#মেলোদি'।
Good friends at COP28.#Melodi pic.twitter.com/g0W6R0RJJo
— Giorgia Meloni (@GiorgiaMeloni) December 1, 2023
দুই প্রধানমন্ত্রীর জুটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। এর আগে দিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনেও যুগলের 'রসায়ন' নজর কেড়েছিল। সদাহাস্যময়ী মেলোনির সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। নেটিজেনরা তা বেশ পছন্দও করেছিলেন। এবারেও অন্যথা হল না।
এর আগে নরেন্দ্র মোদী নিজেই দুবাইতে মেলোনির সঙ্গে তাঁর কথোপকথনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এবার ইতালির প্রধানমন্ত্রীও সেলফি তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে গেছে।
গত ৩০ নভেম্বর থেকে দুবাইতে শুরু হয়েছে ২৮তম বিশ্ব জলবায়ু সম্মেলন, যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে যোগদানের জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে গিয়েছেন মোদী। বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭০ হাজার মানুষ এবারের সম্মেলনে অংশ নিতে চলেছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে যেমন রয়েছেন কূটনীতিবিদ, ব্যবসায়ী, জলবায়ু বিজ্ঞানী, সাংবাদিকরা, তেমনই রয়েছেন বিভিন্ন দেশের আদিবাসী মানুষ এবং সাধারণ উৎসাহী জনগণ।