রবিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানান, দিল্লিতে শাহের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে সোমবার।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 3 August 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো: রাজনৈতিক সমন্বয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সোমবার। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের (TMC) লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে, অন্যদিকে ঠিক একই দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে আলোচনায় বসছেন বঙ্গ বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব ও সাংসদরা।
রবিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) জানান, দিল্লিতে শাহের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে সোমবার। এই বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের লোকসভা ও রাজ্যসভার বিজেপি সাংসদরা।
তৃণমূলের আক্রমণের পাল্টা দিতে শাহের সঙ্গে বৈঠক?
বিজেপি শিবির সূত্রে খবর, চলমান সংসদ অধিবেশনে তৃণমূল সাংসদেরা কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সরব হচ্ছেন। ভাষা বিতর্ক, নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইন্টেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া, কিংবা রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা— এসব নিয়ে বারবার কেন্দ্রকে কোণঠাসা করছেন তৃণমূল সাংসদরা।
তবে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত বক্তা তালিকায় প্রতিদিন বাংলার বিজেপি সাংসদদের নাম না থাকায়, সরাসরি পাল্টা জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে কীভাবে সংগঠিত ও কার্যকরভাবে জবাব দেওয়া যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত বিজেপি সূত্রের।
এসআইআর ও পরিযায়ী শ্রমিক প্রসঙ্গ উঠতে পারে বৈঠকে
সূত্রের মতে, এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল যে এটিকে ভোটার তালিকা থেকে বিরোধী ভোটার বাদ দেওয়ার ষড়যন্ত্র হিসেবে তুলে ধরছে, সেই অভিযোগের পাল্টা তথ্য তুলে ধরা হতে পারে অমিত শাহের কাছে। পাশাপাশি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগের প্রতিক্রিয়াও জানানো হতে পারে।
আরজি কর কাণ্ড নিয়েও বক্তব্য পেশ করবে বিজেপি
বৈঠকে আরও একটি বিষয় উঠে আসতে পারে— আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু। এই ঘটনার প্রতিবাদে নিহত চিকিৎসকের পরিবার যে ৯ আগস্ট একটি কর্মসূচির আয়োজন করেছে, সেই বিষয়ে অমিত শাহকে জানানো হবে বলেও জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘মেয়েটির বাবা-মা আমাদের সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানান। সেই বিষয়ে আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করব।’’
মমতার ভার্চুয়াল বৈঠকেও নজর রাজনৈতিক মহলের
তৃণমূল সূত্রের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে রাজ্যের বিভিন্ন ইস্যু, কেন্দ্রের বিরুদ্ধে দলের অবস্থান এবং সংসদে আগামী দিনের কৌশল ঠিক করতে পারেন। ফলে একদিনে দুই মেরুতে দু'টি বৈঠক ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠতে পারে।