
ফাইল চিত্র
শেষ আপডেট: 9 February 2025 09:11
দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল সোনমার্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একাধিক দোকান ও রেস্তরাঁ। গান্ডেরবাল জেলার এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছে সংবাদসংস্থা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
কীভাবে ঘটল এই অগ্নিকাণ্ড?
দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সোনমার্গের একটি দোতলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ভবনটিতে একাধিক রেস্তরাঁ, হোটেল রুম ও নানা দোকান ছিল। প্রথমে একটি নির্দিষ্ট অংশে আগুনের সূত্রপাত হলেও দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। ভবনটির দোতলায় প্রায় ২৫টি দোকান ছিল, নীচের তলাতেও প্রায় একই সংখ্যক দোকান ও রেস্তরাঁ ছিল। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে সবকটি দোকানই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বিভাগের পাশাপাশি সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী একসঙ্গে কাজ করেছে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করেছেন।
Fire services from Gund Kangan & APCO Company, along wd the Sonamarg & Gund Police, local residents &the army,are actively engaged in firefighting efforts.5 fire vehicles on-site,operations are in full swing,blaze has been brought under control.Efforts r on to extinguish the fire pic.twitter.com/WdMZsTBULR
— Deputy Commissioner Ganderbal (@dcganderbal) February 8, 2025
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দুঃখপ্রকাশ করেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি X-এ (প্রাক্তন টুইটার) পোস্ট করে লিখেছেন, 'যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা রইল।' পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বাসিন্দাদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ক্ষতিপূরণ দিতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।