অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাতেকুর এলাকায় ভয়াবহ বাস অগ্নিকাণ্ডে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা।

ভয়াবহ বাস অগ্নিকাণ্ড
শেষ আপডেট: 24 October 2025 10:38
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে হঠাৎই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে, কয়েক মিনিটের মধ্যেই তা ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, হাইওয়ের উপর বাসটির সঙ্গে একটি দু’চাকার গাড়ির ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে বাসে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই একাধিক যাত্রী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা। তবে অনেকেই কোনওক্রমে বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং বাসে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানার চেষ্টা চলছে।
हैदराबाद-बेंगलुरु हाईवे पर हादसा, दोपहिया वाहन से टक्कर के बाद बस में लगी आग, कई की मौत की आशंका
हैदराबाद-बेंगलुरु रूट पर एक प्राइवेट कंपनी की बस में भीषण आग लगने से बड़ा हादसा हुआ. बस और दोपहिया वाहन की टक्कर हो गई. कई यात्रियों की मौत की आशंका है, जबकि कुछ लोग इमरजेंसी एग्जिट… pic.twitter.com/kSxeCMMAxQ— AajTak (@aajtak) October 24, 2025
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘটনাস্থলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার পরেই মৃতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা হবে।
এই ভয়াবহ দুর্ঘটনা আবারও দূরপাল্লার বেসরকারি বাসগুলিতে যাত্রী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। এক্স (Twitter)-এ তিনি লেখেন, “কুর্নুল জেলার চিন্নাতেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। প্রশাসন আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সর্বোচ্চ সাহায্য করবে।”