অভিযুক্ত সৌরভ শ্রীবাস্তব
শেষ আপডেট: 2 April 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: বিমা কোম্পানিতে এজেন্ট হিসাবে কাজ করলেও ভুয়ো পুলিশ অফিসার (Police Officer) সেজে দীর্ঘদিন চলছিল প্রতারণা (Fraud)। একের পর এক মেয়েকে ভুল পরিচয় দিয়ে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার (Mathura) ঘটনা।
পুলিশ সূত্রে খবর, হরিশ কুমার ওরফে সৌরভ শ্রীবাস্তব নামে ওই যুবক নিজেকে শুধু পুলিশ নয়, রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) অফিসার, বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) অফিসার, ক্রাইম ব্রাঞ্চ অফিসার এবং আরও অনেক ভুয়ো পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণার পাশাপাশি মহিলাদের সঙ্গেও অভব্য আচরণ করত বলে অভিযোগ।
জানা গেছে, সম্প্রতি এক মহিলার অভিযোগের ভিত্তিতে তার সমস্ত কার্যকলাপ ফাঁস করে মথুরার হাইওয়ে পুলিশ। তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকজন মহিলাকে সরকারি চাকরি দেওয়ার কথা বলে মোটা টাকা হাতিয়েছে যুবক। এছাড়াও অভিযোগ বিবাহিত হওয়া সত্ত্বেও একাধিক মহিলাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণাও করেছে সে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সৌরভ সিআরপিএফের ভুয়ো সহকারী কমান্ড্যান্ট সেজে বেশ কয়েকজনকে মিথ্যা চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নেয়। সেই তালিকায় অনেক মহিলাও ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তবে এমন অভিযোগ তার বিরুদ্ধে প্রথম নয়। এর আগেও এলাহবাদ পুলিশ সৌরভকে গ্রেফতার করেছিল বলে খবর।
এদিকে গ্রেফতারের পর অভিযুক্ত যুবকের থেকে একাধিক অপরাধমূলক জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। যার মধ্যে রয়েছে জাল সিআরপিএফ ইউনিফর্ম, বেল্ট, নেমপ্লেট, ড্রাইভিং লাইসেন্স, এটিএম কার্ড, একাধিক আধার কার্ড, চেক বই, দুটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং একটি গাড়ি। জানা গিয়েছে, প্রতারণা করেই নিজের সম্পত্তি ধীরে ধীরে বাড়িয়ে চলেছিল সে।
পুলিশ জানতে পেরেছে সৌরভ একটি বেসরকারি বিমা কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করত। বিমা বিক্রির নামে পুলিশ এবং বিভিন্ন সশস্ত্র শিবিরে গিয়ে সেখানকার ভিডিও ক্যামেরাবন্দী করত। এরপর তা দেখিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া বা ভুয়ো বিয়ের প্রস্তাব দিয়ে মহিলাদের থেকে মোটা টাকা আদায় করত বলে অভিযোগ।
অভিযুক্তকে হেফাজতে নিয়ে জেরা করে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, যাঁদের সঙ্গে এমন জঘন্য কাজ সে করেছে তাঁদের খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছে। তবে যোগীরাজ্যে ভুয়ো অফিসার সামনে আসতেই প্রশাসনের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলছেন বিরোধীরা।