ফাইল ছবি
শেষ আপডেট: 21 February 2025 13:41
দ্য ওয়াল ব্যুরো: মা অসুস্থ। কিন্তু তা বলে পুণ্যস্নান তো আর মিস করা যায় না। যেমন ভাবা, তেমন কাজ। বাড়িতে অসুস্থ মাকে একেবারে তালাবন্ধ করে স্ত্রী, সন্তান ও শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে সোজা প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন। কিন্তু বুধবার ৬৫ বছর বয়সি মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের রামগড় জেলায়।
পুলিশ জানিয়েছে, সোমবার থেকে ওই বৃদ্ধা ঘরে তালাবদ্ধ ছিলেন এবং শুধুমাত্র চিঁড়ে খেয়ে বেঁচে ছিলেন। ক্ষুধার্ত অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করলে প্রতিবেশীরাই তাঁর কথা জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে মেয়েকে খবর দেন।
এরপর বুধবার রামগড় থানার অন্তর্গত সুভাষ নগর কলোনির সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডের একটি কোয়ার্টার থেকে অসুস্থ মাকে উদ্ধার করে পুলিশ। রামগড়ের এসডিপিও পরমেশ্বর প্রসাদ বলেন, "সঞ্জু দেবী নামে ওই বৃদ্ধা মহিলাকে গত সোমবার থেকে তাঁর ছেলে অখিলেশ কুমার কোয়ার্টারে তালাবদ্ধ করে রেখে পরিবারের সঙ্গে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন।
বিষয়টি সামনে আসতেই অখিলেশের সঙ্গে যোগাযোগ করলে তিনি পুলিশকে জানান, তাঁর মা অসুস্থ একথা ঠিক। কিন্তু তাঁরা বাড়ি থেকে বেরনোর সময় সমস্ত খাবার ও পানীয়ের বন্দোবস্ত করে গিয়েছিলেন।
তবে বৃদ্ধার মেয়ে চাঁদনী দেবী বলেন, প্রতিবেশীদের থেকে ফোনে পুরো বিষয়টি জানতে পারেন তিনি। এরপরই সোজা পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে অসুস্থ মাকে উদ্ধার করে। অন্যদিকে চিৎকার শুনে প্রতিবেশীরাও বৃদ্ধাকে খাবার ও ওষুধ দেন। ভর্তি করা হয় সিসিএল হাসপাতালে।
মহাকুম্ভ নিয়ে অভিযোগের শেষ নেই। সে পদপিষ্টের মতো ঘটনা হোক বা তাঁবুতে আগুন, কোনওকিছুই পিছু ছাড়ছে না। এদিকে পুণ্যস্নানে আসা মহিলা পুণ্যার্থীদের স্নানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় চড়া দামে বিক্রিরও অভিযোগ উঠেছে। তবে অসুস্থ মাকে বাড়িতে তালাবন্ধ করে পুণ্যস্নানে আসার গল্পে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।