
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 April 2025 17:28
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় (Jammu Kashmir Pahalgam Terror Attack) পাকিস্তান-যোগ (Pakistan) মিলেছে। দেশের মানুষের ক্ষোভও পৌঁছেছে চরমে। প্রত্যেকেই বদলা চায়। কিন্তু এরই মধ্যে দেশের নানা প্রান্তে পাকিস্তান-পন্থী কার্যকলাপ দেখা যাচ্ছে। কেউ রাস্তায় থাকা পতাকা তুলে নিচ্ছেন, কেউ আবার সরাসরি পাকিস্তানের হয়েই কথা বলছেন! এমনই এক পরিস্থিতির কারণে মৃত্যুও হল দেশে। কর্নাটকে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে।
বেঙ্গালুরুর (Bengaluru) কুরুপুতে গত ২৭ এপ্রিল স্থানীয়দের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। অভিযোগ, সেই সময়ই এক যুবক ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিল। এই ঘটনার কয়েক ঘণ্টা পরই ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। দাবি করা হচ্ছে, গণপিটুনি দিয়ে তাকে খুন করেছে একদল যুবক। ইতিমধ্যেই ১৫ জনকে আটকও করা হয়েছে এই ঘটনায় জড়িত সন্দেহে।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে এলাকায়। যদিও অভিযুক্তদের দাবি, তারা জানে না ওই মৃত যুবক কে, কীভাবে তার মৃত্যু হয়েছে। যদিও মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেছেন, যাঁর দেহ উদ্ধার হয়েছে, এখনও তাঁর পরিচয় জানা যায়নি। সে স্থানীয় না বাইরের এলাকার বাসিন্দা, সেটাও পরিষ্কার নয়। তবে তাঁর স্পষ্ট কথা, এই ধরনের ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই।
ওই ক্রিকেট ম্যাচে উপস্থিত থাকা অনেকেই দাবি করেছেন, খেলা চলতে চলতেই আচমকা এক যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় একদল যুবকের। সেখান থেকেই অশান্তি শুরু হয়। মুহূর্তে তা গণপিটুনির আকার নেয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পর এক রাস্তার ধার থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছিল। তার মাথায়, বুকে এবং যৌনাঙ্গে আঘাতের চিহ্ন মিলেছে।