
শেষ আপডেট: 13 November 2023 15:22
দ্য ওয়াল ব্যুরো: প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হয়েছিল। তাই প্রতিশোধ নিতে ডিপফেকের মাধ্যমে বান্ধবীর অশ্লীল ছবি ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কর্নাটকের খানাপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কর্মরত ২২ বছরের ওই অভিযুক্ত। সম্প্রতি সে এক তরুণীকে প্রেম নিবেদন করেছিল। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন তরুণী। যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হলে তরুণীর বিকৃত ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেবে বলে হুমকি দিতে থাকে অভিযুক্ত। ভয় না পেয়ে তারপরও যুবকের প্রস্তাব ফিরিয়ে দেন ওই তরুণী।
এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো প্রোফাইল খোলে অভিযুক্ত। সেই অ্যাকাউন্ট থেকেই অশ্লীল ছবিগুলি পোস্ট করা শুরু করে। যা নজরে আসতেই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
বিগত কয়েক দিন ধরেই ডিপফেক নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ডিপফেক হল এমনই একটি প্রোগ্রাম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি ধরন ‘ডিপ লার্নিং টেকনোলজি’ ব্যবহার করে তৈরি করা হয়। মূলত এই পদ্ধতিতে অডিও, ভিডিও ও ছবিতে কারসাজি করে এমন কনটেন্ট বানানো হয়, যা দেখে আসল কি নকল তা বোঝার উপায় থাকে না। সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার ‘ডিপফেক’ ভিডিয়ো নিয়ে তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া। সেই রেশ কাটতে না কাটতেই একইভাবে এই আধুনিক প্রযুক্তির বিকৃত ব্যবহারের শিকার হয়েছেন ক্যাটরিনা কাইফও। আর এবার সেলিব্রেটি নয়, ডিপফেকের ছায়া পড়ল আমজনতার জীবনও।