
শেষ আপডেট: 25 August 2024 17:50
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের নয়া পেনশন স্কিমকে মোদী সরকারের পিছু হটা বলে দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। তাঁর বক্তব্য, গত ৪ জুন (লোকসভা ভোটের ফল ঘোষণার দিন) দেশের পরিস্থিতি বদলে গিয়েছে। নরেন্দ্র মোদীর সরকার দেশের ১৪০ কোটি মানুষের ইচ্ছা-অনিচ্ছাকে বিবেচনায় রেখে পদক্ষেপ করতে বাধ্য হচ্ছে এখন। একতরফা সিদ্ধান্ত নিতে পারছে না।
এক্স হ্যান্ডেলে খাড়্গে বলেছেন, মোদী সরকারের কাজের ধরণ বদল আমরা (কংগ্রেস-সহ বিরোধীরা) নিশ্চিত করেছি। কংগ্রেস সভাপতি বলেন, সম্প্রতি একাধিক ক্ষেত্রে মোদী সরকারকে পিছু হটতে হয়েছে। খাড়্গে বলেন, এবার কেন্দ্রীয় বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে পিছু হটেছে সরকার। সম্প্রচার বিল এবং সরকারি উচ্চপদে ল্যাটেরাল এন্ট্রি নিয়েও সরকার পিছু হটতে বাধ্য হয়। ওয়াকফ বিলকে সংসদীয় কমিটির কাছে পাঠাতে বাধ্য হয়েছে সরকার। প্রসঙ্গত, ল্যাটেরাল এন্ট্রির সিদ্ধান্তের বিরুদ্ধে সবচেয়ে আগে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পরে ইন্ডিয়া জোটের পাশাপাশি এনডিএ-র অনেক শরিক দলও আপত্তি তোলে। ফলে বিজ্ঞপ্তি জারির পাঁচ দিনের মাথায় সরকারি নির্দেশনামা প্রত্যাহার করে নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। মোদী জমানায় কোনও বিষয়ে এত দ্রুত পিছু হটার নজির নেই।
The ‘U’ in UPS stands for Modi Govt’s U turns!
— Mallikarjun Kharge (@kharge) August 25, 2024
Post June 4, the power of the people has prevailed over the arrogance of power of the Prime Minister.
— Rollback in the budget regarding Long Term Capital Gain / Indexation
— Sending Waqf Bill to JPC
— Rollback of Broadcast… pic.twitter.com/DJbDoEyl6g
প্রসঙ্গত, শনিবার কেন্দ্রীয় সরকার যে ইউপিএস বা ইনফায়েড পেনশন স্কিম কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য চালু করার কথা ঘোষণা করেছে, কয়েক বছর আগেই তা কংগ্রেস শাসিত একাধিক রাজ্য কার্যকরে করেছে। ২০০৪ সালে অটল বিহারী বাজপেয়ীর সরকার যে নিউ পেনশন স্কিম বা এনপিএস চালু করেছিল তাতে পেনশন বাবদ কর্মচারীদের যৎ সামান্য আয় হচ্ছে।
সেখানে মোদী সরকারের চালু করতে যাওয়া ইউনিফায়েড পেনশন স্কিম চালু হবে ২০২৫-এর ১ এপ্রিল থেকে। তাতে কোনও কর্মচারী দশ বছর চাকরি করলে মাসে দশ হাজার টাকা পেনশন পাবেন। তার বেশি দিন চাকরি করলে অবসরের শেষ বারো মাসের গড় বেতনের অর্ধেক টাকা পেনশন হিসাবে প্রতিমাসে পাবেন। কর্মচারীর মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী পাবেন পেনশনের ৬০ শতাংশ।
কংগ্রেস মোদী সরকারের নয়া পেনশন স্কিমের কৃতিত্ব তাদের বলে দাবি করছে। কারণ, বিরোধী দলগুলির মধ্যে কংগ্রেস প্রথম এই ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিল নতুন পেনশন স্কিম তুলে দিয়ে পুরনো স্কিম ফিরিয়ে আনা হবে। এই ব্যাপারে সবচেয়ে সরব ছিলেন রাহুল গান্ধী। গত লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তাহারে বলা হয় দল ক্ষমতায় এলে গোটা দেশে পুরনো পেনশন ব্যবস্থা চালু ফিরিয়ে আনা হবে। পেনশনের পুরো দায় সরকার নেবে এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে পেনশন দেওয়া হবে।