
মাতৃত্বকালীন ছুটি পেলেন পুরুষ শিক্ষক। প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 December 2024 13:22
দ্য ওয়াল ব্যুরো: ‘মাতৃত্বকালীন ছুটি’র (Maternity Leave) জন্য আবেদন করলেন সরকারি শিক্ষক। মঞ্জুরও হয়ে গেল সে ছুটি। তার পরে দিন সাতেক দিব্যি ছুটি কাটালেন শিক্ষক। বিহারের বৈশালী জেলার সরকারি স্কুলের এই ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসে সরকারি শিক্ষকদের ছুটির জন্য তৈরি একটি অনলাইন পোর্টালের মাধ্যমে। ব্যবহারকারীরা পোর্টালটির একটি স্ক্রিনশট নিয়ে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেন, তাতেই দেখা যায়, পুরুষ শিক্ষক রয়েছেন মেটার্নিটি লিভে। এই নিয়ে শুরু হয় বিস্তর আলোচনা।
বৈশালী জেলার মহুয়া ব্লকের শিক্ষা আধিকারিক অর্চনা কুমারী এই প্রসঙ্গে জানান, এটি একটি ‘প্রযুক্তিগত ত্রুটি’ এবং তা সংশোধন করা হবে। তিনি বলেন, ‘ছুটির আবেদন ফরম্যাটে ভুল এন্ট্রির কারণে এমনটা ঘটেছে। ত্রুটিটি সংশোধন করা হবে।’
তবে তিনি এও জানান, যে মাতৃত্বকালীন ছুটি নারীদের জন্য প্রযোজ্য হলেও, পুরুষদের ক্ষেত্রেও ‘পিতৃত্বকালীন ছুটি’র ব্যবস্থা আছে, যা নবজাতকের যত্নের জন্য দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য সেরকম কোনও বিষয় ছিল না।
কর্তৃপক্ষ জানায়, এই ঘটনার সমস্ত তথ্য সংগ্রহ করা হবে এবং তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা হবে। এ বিষয়ে শিক্ষকদের মধ্যে আরও কিছু অভিযোগ উঠেছে। কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন যে, তাঁরা প্রাপ্য স্পেশ্যাল লিভের জন্য আবেদন করলেও তা তাঁদের অর্জিত ছুটি থেকে তা কেটে নেওয়া হচ্ছে।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর অনেকেই মজার ছলে এটি নিয়ে মন্তব্য করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, এমন একটি ঘটনা কীভাবে ঘটতে পারে, কোন সিস্টেমে এত বড় ত্রুটি হতে পারে!