
মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সল
শেষ আপডেট: 29 July 2024 09:40
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মাসে উত্তপ্ত হয়েছে ভারত ও মলদ্বীপের সম্পর্ক। যার বড়সড় প্রভাব পড়েছে মলদ্বীপের পর্যটন ব্যবসায়। তবে আপাতত ‘ভারত বিরোধীতায়’ লাগাম দিতে তৎপর মলদ্বীপ। কারণ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়নের মধ্যে দ্বীপ দেশে হুহু করে ভারতীয় পর্যটকের সংখ্যা কমতে শুরু করেছে। সেই আবহে ভারতে আসছেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়সল। সোমবার থেকেই তাঁর ভারত সফর শুরু হচ্ছে।
মলদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় সে দেশের প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই আপাতত ভারতীয়দের মলদ্বীপমুখী করতে চান মহম্মদ মুইজ্জু। সেই কারণেই ভারতের পর্যটকদের মলদ্বীপে ঘুরতে যেতে উৎসাহিত করতে পর্যটন মন্ত্রীকে এদেশে পাঠাচ্ছেন তিনি।
ভারতের পর্যটকদের বিলাসবহুল ছুটি কাটানোর অন্যতম প্রধান জায়গা ছিল মলদ্বীপ। এবার ‘ওয়েলকাম ইন্ডিয়া’ নামে এক প্রকল্পের মাধ্যমে সেই পুরনো অবস্থাতে ফিরে যেতে চাইছে সেদেশের সরকার। ভারতের তিনটি বড় শহরে রোড-শো-র মাধ্যমে মলদ্বীপের পর্যটনের প্রচার করবেন মলদ্বীপের মন্ত্রী।
আগামী মঙ্গলবার থেকে শুরু হবে রোড শো। দিল্লিতে প্রথম রোড-শো করবেন মলদ্বীপের পর্যটনমন্ত্রী। এরপর ১ অগস্ট মুম্বইতে একই রকমভাবে আরেকটি রোড-শো-র আয়োজন করা হয়েছে। সবশেষে আগামী ৩ অগস্ট শনিবার বেঙ্গালুরুর রোড শো-তে থাকবেন ইব্রাহিম।
মলদ্বীপের পর্যটন দফতরের পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের ১০ই এপ্রিল পর্যন্ত মলদ্বীপে পর্যটকের সংখ্যা ৬ লক্ষ ৬৩ হাজার ২২৯ জন। বিদেশি পর্যটক আসার নিরিখে চীন রয়েছে শীর্ষ স্থানে। এরপর রয়েছে ব্রিটেন, রাশিয়া, ইটালি, জার্মানি এবং ভারত। কিন্তু ২০২৩ সালেই মলদ্বীপে ঘুরতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন ভারতীয়েরা। দ্বিতীয় স্থানে ছিল চিন।
মুইজ্জু মলদ্বীপের ক্ষমতায় আসেন গত নভেম্বরে। ‘ভারত-বিরোধী’ এবং ‘চিন-ঘনিষ্ঠ’ হিসাবে অনেকেই তাঁকে চিহ্নিত করে থাকেন। মুইজ্জু ক্ষমতায় আসার পরই ভারতের সঙ্গে সে দেশের সম্পর্কের অবনতি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণের সময় মলদ্বীপের তিন মন্ত্রী অবমাননাকর মন্তব্য করেন ভারতের বিরুদ্ধে। সেই নিয়েই দুই দেশের মধ্যে চাপাউতোর শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট মলদ্বীপ’ ডাক ওঠে। তখনই ধীরে ধীরে মলদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা কমতে শুরু করে। এমনকী মলদ্বীপ থেকে ভারতকে সেনাও সরিয়ে নিতে বলেছেন মুইজ্জু।