গত কয়েক বছরে ভারতীয় রেল পরিকাঠামো উন্নয়ন, আধুনিক লাইন, নতুন লোকোমোটিভ ও উন্নত কোচ কেনায় বিশাল বিনিয়োগ করছে। লক্ষ্য হল—ট্রেনের গড় গতি বাড়ানো, যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে পুরনো সব আইসিএফ কোচ তুলে দেওয়া।

শেষ আপডেট: 24 November 2025 13:43
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলের গতি, নিরাপত্তা ও যাত্রীসেবায় আসছে বড়সড় পরিবর্তন। এক ধাক্কায় ১৬টি ট্রেনে বদলানো হচ্ছে পুরনো আইসিএফ কোচ। তার বদলে লাগানো হবে আধুনিক, স্টেইনলেস স্টিলের এলএইচবি (Linke Hofmann Busch) কোচ—যেগুলির ডিজাইন (Indian Rail new coach) স্পিড ঘণ্টায় ২০০ কিলোমিটার (200Km/Hr) পর্যন্ত। এই আপগ্রেডের ফলে দীর্ঘ দূরত্বের যাত্রা শুধু আরও দ্রুত হবে না, যাত্রার নিরাপত্তা ও আরামও বহুগুণ বাড়বে।
কেন এই কোচ বদল?
গত কয়েক বছরে ভারতীয় রেল পরিকাঠামো উন্নয়ন, আধুনিক লাইন, নতুন লোকোমোটিভ ও উন্নত কোচ কেনায় বিশাল বিনিয়োগ করছে। লক্ষ্য হল—ট্রেনের গড় গতি বাড়ানো, যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে পুরনো সব আইসিএফ কোচ তুলে দেওয়া।
এলএইচবি কোচের বিশেষত্ব হল—
অ্যান্টি-ক্লাইম্ব মেকানিজম: দুর্ঘটনা ঘটলে একটি কোচ আরেকটির উপর চড়ে যায় না।ফায়ার-রিটার্ড্যান্ট মেটিরিয়াল: আগুন ছড়ানোর ঝুঁকি অনেক কম। উচ্চ গতি: আইসিএফ কোচ যেখানে সর্বোচ্চ ১৪০ কিমি/ঘণ্টা, সেখানে এলএইচবি চলে ১৬০ কিমি/ঘণ্টায়, ডিজাইন স্পিড ২০০ কিমি। যাত্রার আরাম অনেক বেশি।
রাজধানী, শতাব্দী, দূরন্তে এর আগেই এলএইচবি বাধ্যতামূলক করা হয়েছে। এবার আরও ট্রেনে ঢুকছে এই জার্মান ডিজাইনের আধুনিক কোচ।
কোন কোন ট্রেনে কবে থেকে নতুন কোচ?
সেন্ট্রাল রেলওয়ের অধীনে চলা নিম্নলিখিত ১৬টি ট্রেনে ক্রমান্বয়ে বসানো হবে এলএইচবি কোচ—
| 22157 | সিএসমটি–চেন্নাই এক্সপ্রেস | 14.01.2026 |
| 22158 | চেন্নাই–সিএসমটি এক্সপ্রেস | 17.01.2026 |
| 11088 | পুণে- ভেরাভল এক্সপ্রেস | 15.01.2026 |
| 11087 | ভেরাভল–পুণে এক্সপ্রেস | 17.01.2026 |
| 11090 | পুণে–ভাবগত কি কোঠি এক্সপ্রেস | 18.01.2026 |
| 11089 | ভাবগত কি কোঠি–পুণে এক্সপ্রেস | 20.01.2026 |
| 11092 | পুণে–ভূজ এক্সপ্রেস | 19.01.2026 |
| 11091 | ভূজ–পুণে এক্সপ্রেস | 21.01.2026 |
| 22186 | পুণে–অহমেদাবাদ এক্সপ্রেস | 21.01.2026 |
| 22185 | আহমেদাবাদ–পুণে এক্সপ্রেস | 22.01.2026 |
| 11404 | কোলহাপুর–নাগপুর এক্সপ্রেস | 19.01.2026 |
| 11403 | নাগপুর–কোলহাপুর এক্সপ্রেস | 20.01.2026 |
| 12147 | কোলহাপুর–হজরত নিজামুদ্দিন এক্সপ্রেস | 20.01.2026 |
| 12148 | হজরত নিজামুদ্দিন–কোলহাপুর এক্সপ্রেস | 22.01.2026 |
| 11050 | কোলহাপুর–অহমেদাবাদ এক্সপ্রেস | 24.01.2026 |
| 11049 | আহমেদাবাদ–কোলহাপুর এক্সপ্রেস | 25.01.2026 |
রেলের লক্ষ্য আগামী পাঁচ বছরে দেশজুড়ে আইসিএফ কোচের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া। যাত্রীসেবার মান বৃদ্ধি, দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং আধুনিক, আন্তর্জাতিক মানের পরিবহন ব্যবস্থা গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই এলএইচবি কোচের উৎপাদন ও ব্যবহার বেড়েছে বহুগুণ। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। এতে দেশের ট্রেন যাত্রা হবে—আরও দ্রুত, আরও নিরাপদ, আরও আরামদায়ক।
এই ১৬টি ট্রেনে এলএইচবি কোচের সংযোজন ভারতীয় রেলের আধুনিকীকরণের আর এক বড় ধাপ—যা ভারতের ভবিষ্যৎ রেলযাত্রার গতি ও মানকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।